|
রেডিওপ্রেমী শাহজাহান আলী, ৩৮ বছর ধরে রেডিও-ই শুনছেন!
নতুন সময় প্রতিনিধি
|
![]() রেডিওপ্রেমী শাহজাহান আলী, ৩৮ বছর ধরে রেডিও-ই শুনছেন! পাবনার চাটমোহর পৌর সদরের বালুচর মহল্লার মৃত জসিম উদ্দিন সরকারের ছেলে প্রাক্তন মেডিক্যাল অ্যাসিস্টেন্ট আলহাজ শাহজাহান আলী এখনও নিয়মিত শুনছেন রেডিও। ১৯৮২ সালে কর্মজীবনের শুরুতে তার সম্মানীভাতার টাকা থেকে ৪৪০ টাকা দিয়ে পাবনা খান অ্যান্ড সন্স ইলেট্রনিকসের দোকান থেকে ন্যাশনাল ব্র্যান্ডের রেডিওটি ক্রয় করেন। এখনও সেই রেডিও ব্যবহার করে নানাধরনের প্রগ্রাম নিয়মিত শুনে যাচ্ছেন। রেডিওটি মাঝে-মধ্যে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সেটি মেরামত না করা পর্যন্ত তিনি স্বস্তি পান না। চাকরিজীবনে তিনি বিভিন্ন কর্মস্থলে থাকা অবস্থায় অবসরে রেডিও শুনতেন। উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার হিসেবে ৩৬ বছর চাকরি করে ২০১৭ সালে অবসরে গেছেন তিনি। রেডিও প্রগ্রামগুলোর মধ্যে রাতে ঢাকা থেকে প্রচারিত ফোন ইন প্রগ্রাম তার প্রিয় একটি অনুষ্ঠান। এ ছাড়াও দিনের বিভিন্ন সময়ে প্রচারিত গ্রামীণ নাটক, আধুনিক গান, খবর ও স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান তিনি বিশেষভাবে শুনে থাকেন। আধুনিকযুগে রেডিও শোনার বিষয়ে আলহাজ শাহজাহান আলী জানান, ১৯৮২ সালে মেডিক্যাল অ্যাসিস্টেন্ট (শিক্ষানবিশ) হিসেবে চাকরি করা অবস্থায় ৪ শ টাকা মাসে ৫ মাসের ২ হাজার টাকা বেতন পেয়ে প্রথমে আমি ৪৪০ টাকা দিয়ে পাবনা থেকে ন্যাশনাল ব্র্যান্ডের রেডিওটি ক্রয় করি। সেই রেডিওতে প্রচারিত প্রগ্রামগুলো এখনও আমি নিয়মিত শুনে আসছি। রেডিওর অনুষ্ঠানমালা সেই আগের মতো না থাকলেও এটা আমার কাছে নেশার মতো হয়ে গেছে। বাংলাদেশ বেতারের কাছে আমার চাওয়া থাকবে, স্বাস্থ্যবিষয়ক ও ইসলামী ইতিহাস প্রগ্রামগুলো বেশি বেশি প্রচারের জন্য।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
