রাজধানীর ক্যাসিনোগুলোতে চলছে আইনশৃংখলা বাহিনীর অভিযান। আর এতে ফেঁসে যাচ্ছেন একের পর এক রাঘববোয়াল। ক্যাসিনো ব্যবসায় জড়িত থাকায় বেশ কয়েকজনকে আটক করাও হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত তাদের আদৌ কোনো শাস্তি হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ অনেকেই। তাছাড়া ক্যাসিনো নিয়ে বাংলাদেশের আইন কী বলছে, এ ব্যবসায় জড়িত থাকার শাস্তিই বা কী তা জানে না আমাদের দেশের অধিকাংশ মানুষ।
সরাসরি ক্যাসিনোর বিষয়ে কিছু না বলা হলেও আমাদের দেশে জুয়া খেলার বিরুদ্ধে কঠর আইন রয়েছে। ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকার দেশে মদ-জুয়া নিষিদ্ধ করেছিলো। ১৯৭২ সালের সংবিধানে জুয়া বন্ধের বিষয়ে কার্যকর ব্যবস্থা নেয়ার জন্য রাষ্ট্রকে নির্দেশনা দেওয়া আছে। পরবর্তীকালে এ বিষয়ে আর নতুন কোনো আইন হয়নি। তাই দেশে এখনো কার্যকর আছে সেই আইন।
বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাতকারে আইনজীবী জোতির্ময় বড়ুয়া জানিয়েছেন, মদ বিক্রি বা পানের মতো ক্যাসিনোর অনুমোদন বা লাইসেন্স দেয়ার কোনো ব্যবস্থা বা সুযোগই বাংলাদেশের কোন আইনে নেই। কিন্তু তারপরও বাংলাদেশে সরকারের কাছ থেকে লাইসেন্স বা পারমিট নিয়ে মদ বিক্রি ও পানের সুযোগ পাচ্ছেন বহু মানুষ। আর রমরমিয়ে চলছে জুয়া ব্যবসাও।
আইন বিশেষজ্ঞরা জানান, জুয়ার বিষয়ে দেশে যে আইনটি কার্যকর আছে সেটি হলো `প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭`, সেখানে অবশ্য ক্যাসিনো বিষয়ে কিছু বলা নেই। তবে ওই আইনে - `কেউ তার ঘর, তাঁবু, কক্ষ, প্রাঙ্গণ বা প্রাচীরবেষ্টিত স্থানের মালিক বা রক্ষণাবেক্ষণকারী বা ব্যবহারকারী হিসাবে যেকোনো ব্যক্তি জ্ঞাতসারে বা স্বেচ্ছায় অন্য লোককে, উক্ত স্থানকে সাধারণ জুয়ার স্থান হিসাবে ব্যবহৃত করিতে দিলে অর্থদণ্ড ও কারাদণ্ডের বিধান` রাখা হয়েছে। এমনকি `তাস, পাশা, কাউন্টার অর্থ বা অন্য যেকোনো সরঞ্জামসহ যেকোনো ব্যক্তিকে ক্রীড়ারত বা উপস্থিত দেখিতে পাওয়া গেলেও` শাস্তি দেয়ার সুযোগ আছে এই আইনে।
বিশ্লেষকরা বলছেন, দেশে মদ জুয়ার বিরুদ্ধে কঠোর আইন থাকলেও তার প্রয়োগ না হওয়ায় দেশে এতো ক্যাসিনো গড়ে উঠেছে। বছরের পর বছর ধরে প্রকাশ্য দিবালোকে সবার নাকের ডগাতেই এসব চলেছে। এখন শুধু ক্যাসিনো ব্যবসায়ীদের আটক করলেই চলবে না। বরং জুয়া খেলার মেশিনগুলো কারা আমদানির অনুমতি দিয়েছে? রাজস্ব বোর্ড, কাস্টমস কোন আইনে এগুলো আনার অনুমতি বা ছাড়পত্র দিয়েছে? কারা সহযোগিতা করেছে এগুলোও খুঁজে বের করতে হবে।