ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ফুটবল কন্যা মার্জিয়া আক্তার ও সাজেদা খাতুন। ৭দিন জ্বরে ভুগে মঙ্গলবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১১ নম্বর ওয়ার্ডে তাদের ভর্তি করা হয়।
সকালে কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মালা রাণী সরকার সিএনজি করে ধোবাউড়া থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক লক্ষী নারায়ণ মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান, ফুটবল কন্যা দুজনের শরীরে প্রাথমিক পর্যায়ের ডেঙ্গু জ্বর পজেটিভ রয়েছে। চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। ভয়ের কোন কারণ নেই।
জ্বরে আক্রান্ত মার্জিয়া ও সাজেদা জানান, ২ জুলাই তারা জ্বরে আক্রান্ত হন। পরে ৪ তারিখ রক্ত পরীক্ষা শেষে তারা গ্রামের বাড়ি কলসিন্দুরে চলে আসেন। সোমবার রাতে তারা জানতে পারেন, তাদের ডেঙ্গু জ্বর হয়েছে।
কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজের ভাইস প্রিন্সিপাল মালা রাণী সরকার জানান, মেয়েরা জ্বরে আক্রান্ত হলে ফুটবল ফেডারেশন কর্তৃপক্ষ তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে গতকাল রাতে ফেডারেশন থেকে জানানো হয় তারা দু’জনেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত। তাই মঙ্গলবার সকালে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছি।