|
ফুলবাড়ীয়ায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়লো ইউপি চেয়ারম্যানের কক্ষ
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
|
|
![]() ফুলবাড়ীয়ায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়লো ইউপি চেয়ারম্যানের কক্ষ স্থানীয়রা জানান, ইউপি চেয়ারম্যানের কক্ষের দক্ষিণ পাশের জানালা দিয়ে দুবৃত্তরা আগুন দিয়ে থাকতে পারে। সকাল ৬টার দিকে পরিষদের পরিচ্ছন্নতাকর্মী আয়াত আলী পরিষদে প্রবেশ করে চেয়ারম্যানের রুম থেকে ভেন্টিলেটর দিয়ে ধোঁয়া দেখতে পায়। তিনি দ্রুত রুম খোলে বাথরুম থেকে পানি দিয়ে আগুন নিভিয়ে সচিব (ইউপি প্রশাসনিক) কে ফোন দিয়ে জানান। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম সোহাগ,ওসি রাশেদুল হাসান ও আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য ও বিএনপির নেতৃবৃন্দরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। স্থানীয় বিএনপি নেতারা বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তার ছোট ভাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। আওয়ামী লীগের সন্ত্রাসীরা রাতের আঁধারে পরিষদে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টি করতে পারে। তাদের দাবি, সংসদ নির্বাচনের আগে একই ইউনিয়ন পরিষদের ভেতর থেকে পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইউপি প্রশাসনিক কর্মকর্তা ইসমত আরা জানিয়েছেন, চেয়ারম্যানের কক্ষের পেছনের একটি জানালা সামান্য ভাঙা ছিল। ওই জানালা দিয়েই আগুন দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। রাতে পরিষদ পাহারায় তিনজন গ্রাম পুলিশ দায়িত্বে ছিলেন। ফুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন বাদল উপজেলা কৃষক লীগের সাবেক দপ্তর সম্পাদক। তার ছোট ভাই রফিকুল ইসলাম রাকিব উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। ফুলবাড়ীয়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান জানান, ভোরে দুর্বৃত্তরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটিয়েছে। এতে টেবিল-চেয়ারসহ কিছু জরুরী কাগজপত্র পুড়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি আগুনে আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
