ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬ ● ২ অগ্রহায়ণ ১৪৩৩
গাজীপুর, সাভার-আশুলিয়ায় ফের উত্তেজনা; সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 17 November, 2026, 2:51 PM

গাজীপুর, সাভার-আশুলিয়ায় ফের উত্তেজনা; সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া

গাজীপুর, সাভার-আশুলিয়ায় ফের উত্তেজনা; সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে আজ গাজীপুরে কয়েকটি স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। এ সময় শ্রমিকদের সড়ক থেকে ছড়িয়ে দিতে গেলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। অন্যদিকে দুই দিন শান্ত থাকার পর আজ উত্তেজনার আঁচ লেগেছে ঢাকার সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলেও; ঘটেছে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা। সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া এলাকায় মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা।

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাসসহ কয়েকটি স্থানে যানবাহনে ভাংচুর করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের ছাত্ররা ভঙ্গ করে দেয়।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, আন্দোলনের জেরে কোনাবাড়ী, মৌচাক, পল্লীবিদ্যুৎসহ বিভিন্ন এলাকার ২৬টি কারখানা আগে থেকেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। আজ সকালে ভোগড়া এলাকায় ৫টি কারখানায় শ্রমিকেরা কাজে যোগ না দেওয়ায় কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করেছে। ছুটি দেওয়ার পর বেশ কিছু শ্রমিক মহাসড়কে নেমে এসেছেন। 

পুলিশ, শ্রমিক ও কারখানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে গাজীপুর মহানগরীর ভোগড়া, চৌরাস্তা ও তিনসড়ক এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকেরা বাসা থেকে বের হয়ে কারখানায় যান। তবে তারা কাজে যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করেন। একপর্যায়ে ভোগড়া এলাকার ৫টি কারখানাসহ বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

ছুটি ঘোষণার পর শ্রমিকেরা দলবদ্ধভাবে কারখানা থেকে বের হয়ে ভোগড়া ও চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন। এতে মহাসড়কটিতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় শ্রমিকদের সড়কের পাশে ও বিভিন্ন অলিগলির মুখে অবস্থান নিতে দেখা যায় এবং এলাকায় কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। 

পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্প এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। মহাসড়কে অবস্থান নেওয়া শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। 

টানা দুই দিন শান্ত থাকার পর আজ ফের উত্তেজনার আঁচ লেগেছে ঢাকার সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে। 

গত দুই দিনের পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা থাকলেও আজ সকাল থেকে বিচ্ছিন্নভাবে শিল্পাঞ্চলের হেমায়েতপুর পদ্মার মোড়সহ, আশুলিয়ার কয়েকটি স্থানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ফুলবাড়িয়া এলাকায় মহাসড়ক অবরোধ করে রেখেছেন আন্দোলনকারী পোশাক শ্রমিকরা।

বেলা ১১টা নাগাদ শ্রমিকরা মহাসড়কটি অবরোধ করেন বলে জানান সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মহাসড়ক থেকে শ্রমিকদের সড়িয়ে দিয়ে কাজ করছে বলেও জানান তিনি।

সুত্র জানায়, সকালে সাভারের হেমায়েতপুর পদ্মার মোড় এলাকায় স্ট্যান্ডা গ্রুপের শ্রমিকরা কারখানায় প্রবেশ না করে সড়কে বর্জ্য ফেলে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েক রাউন্ড টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলেও শ্রমিকরা গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে বিভিন্ন সড়ক ও গলিতে অবস্থান নেন। এতে ওই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে শ্রমিকদের থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়া যাচ্ছে। 

এছাড়াও উত্তেজনার মধ্যে হেমায়েতপুরের আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশ করলেও কারখানার ভেতরে কর্মবিরতি পালন করছেন। 

অন্যদিকে সকাল সাড়ে ৮টার পর আশুলিয়ার খেজুর বাগান এলাকায়ও শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। 

শিল্প পুলিশের একটি সুত্র জানায়, গত দুই দিন শান্ত থাকার পর শিল্পাঞ্চলে আজ বন্ধ থাকা কারখানার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। যদিও তাৎক্ষণিকভাবে বন্ধ থাকা কারখানাগুলোর সংখ্যা জানাতে পারেনি ওই সূত্র। 

তবে পুলিশের আরেকটি সুত্র জানায়, আজ শিল্পাঞ্চলে শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ থাকা কারখানার সংখ্যা ৮টি৷ পাশাপাশি ৩টি কারখানায় সাধারণ ছুটি রয়েছে। এর বাইরে কিছু কারখানায় শ্রমিকরা কর্মবিরতি পালন করছে বলে জানা গেলেও এসব কারখানার সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। 

বেলা সাড়ে ১০টা নাগাদ শিল্পাঞ্চলের পরিস্থিতির বিষয়ে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়ার কোন বক্তব্য পাওয়া যায়নি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status