|
এই ছবির কেউ আর রইল না
এই একটি দুর্ঘটনায় পরিবারটির তিন সদস্যের সবাই মারা গেলেন
নতুন সময় প্রতিনিধি
|
![]() এই ছবির কেউ আর রইল না ২৩ দিন মৃত্যুর সঙ্গে লড়ে লড়ে রোববার সকালে মারা যান দেলোয়ারের স্ত্রী ২৫ বছর বয়সী রেশমী আক্তার। স্ত্রী ও সন্তানকে নিয়ে কক্সবাজারের সমুদ্র সৈকতে দেলোয়ারের তোলা পারিবারিক ছবিটি এখন কেবলই স্মৃতি। এ ছবির তিনজনের কেউই আর বেঁচে নেই। রোববার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রেশমী আক্তার মারা যান। পরে বেলা পৌনে ২টায় জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের মলেয়াবাদ গ্রামের বাসিন্দা আবদুস সাত্তারের ছেলে দেলোয়ার হোসেন একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। ২৩ অক্টোবর সন্ধ্যায় মেয়ে ও স্ত্রীকে নিয়ে সাতকানিয়ার কেরানীহাট সী ওয়ার্ল্ডে বাণিজ্য মেলায় যেতে বাড়ি থেকে বের হন দেলোয়ার। সেদিন সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডিবিএম ইটভাটার কাছে একটি বাসের সঙ্গে তাদের বহনকারী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান দেলোয়ার ও তার মেয়ে ওয়াসিফা জান্নাত। ঘটনার পর সেদিন স্থানীয়রা বাসটি আটক করে সেটিতে আগুন ধরিয়ে দিয়ে মহাসড়ক অবরোধ করে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা গেলে তাদেরও বাধা দেয় বিক্ষুব্ধ লোকজন। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে সেদিন রাত সাড়ে ৯টার দিকে পুলিশ গিয়ে সড়ক অবরোধকারীদের সরিয়ে দেয়। সেই ঘটনায় গুরুতর আহত রেশমী আক্তারকে শুরুতে নেওয়া হয় বেসরকারি পার্কভিউ হাসপাতালে। পরে নেওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়ন পরিষদের সদস্য ও নিহত দেলোয়ার হোসেনের আত্মীয় শফিকুর রহমান গণমাধ্যমকে বলেন, “দেলোয়ারের স্ত্রী লাইফ সাপোর্টে ছিলেন। সবাই অনেক চেষ্টা করেছে কিন্তু তাকে বাঁচানো গেল না। “২৩ দিন আগে দেলোয়ার আর তার মেয়েও মারা যায়। দেলোয়ার ছিল চার ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয়। এক দুর্ঘটনায় পরিবারের তিনজনকে হারিয়ে দেলোয়ারের বাবা মা এখন প্রায় পাগল।” ![]() এই ছবির কেউ আর রইল না মেয়ে ওয়াসিফা জান্নাতকে কোলে নিয়ে মা রেশমী আক্তার। “ঘটনাস্থলেই দেলোয়ার ও তার মেয়ে মারা যায়। চালকসহ বাকি সাতজনই আহত হয়। তাদের মধ্যে ৬ জন এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তাদের প্রায় সবারই মাথায় আঘাত লেগেছে।” দোহাজারী হাইওয়ে থানার ওসি নুরুল আবছার গণমাধ্যমকে বলেন, “সেদিন দুর্ঘটনায় বাবা-মেয়ে মারা গিয়েছিল। গতকাল ওই ব্যক্তির স্ত্রীও মারা গেছেন। “ঘটনার পরপর উত্তেজিত জনতা বাসটি পুড়িয়ে দিয়েছিল। ওই ঘটনায় মামলাও হয়েছিল। সিএনজি অটোরিকশাটির চালক আহত হয়ে এখনো চিকিৎসাধীন বলে জেনেছি। তবে বাসের চালক সেদিন ঘটনার পরপরই পালিয়ে যায়।” দুর্ঘটনার কারণ জানতে চাইলে দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. নুরুল আবছার বলেন, “বাসটি অনেক পুরনো ছিল। আর চালকের অদক্ষতাও দায়ী। অনেক চালক বেপরোয়া গাড়ি চালায়।” চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ঠেকাতে সড়কটি সম্প্রসারণের দাবিতে কয়েক বছর ধরে আন্দোলন করছে ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেন বাস্তবায়ন পরিষদ’। পরিষদের প্রতিষ্ঠাতা সমন্বয়ক মিনহাজুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “এই একটি দুর্ঘটনায় পরিবারটির তিন সদস্যের সবাই মারা গেলেন। এর আগেও অনেক দুর্ঘটনায় বহু প্রাণহানি হয়েছে। এই মহাসড়কে সড়ক দুর্ঘটনা নিয়মিত ঘটনা। “আমরা দীর্ঘদিন ধরে দাবি জানাচ্ছি মহাসড়কটি ছয় লেনে উন্নীত করার। চকরিয়া সফরকালে প্রধানমন্ত্রী ঘোষণাও দিয়েছেন। সংসদে এ নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু মানুষ দৃশ্যমান অগ্রগতি চায়। আমরা চাই দ্রুত ছয় লেন বাস্তবায়ন হোক; আর কোনো প্রাণ যেন না ঝরে।” |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
