|
নারায়ণগঞ্জে প্রথম ধাপের ইউপি নির্বাচন নিয়ে অনিশ্চয়তা
সিটি করপোরেশনে যুক্ত হওয়ার অপেক্ষায় তিন ইউনিয়ন
ইমতিয়াজ আহমেদ, নারায়ণগঞ্জ
|
![]() নারায়ণগঞ্জে প্রথম ধাপের ইউপি নির্বাচন নিয়ে অনিশ্চয়তা নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের লক্ষ্য রয়েছে। পাঁচ ধাপে ২৭ মে’র মধ্যে নির্বাচন শেষ করার পরিকল্পনা করা হয়েছে। তবে নারায়ণগঞ্জের কোন কোন ইউনিয়ন প্রথম ধাপে ভোটের আওতায় আসবে, তা এখনো চূড়ান্ত হয়নি। নারায়ণগঞ্জ সদর উপজেলার সাতটি ইউনিয়ন হলো আলীরটেক, কুতুবপুর, বক্তাবলী, ফতুল্লা, কাশীপুর, গোগনগর ও এনায়েতনগর। এর মধ্যে ফতুল্লা, কুতুবপুর ও এনায়েতনগরকে সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে। গত ৭ জুলাই জেলা প্রশাসন প্রাথমিক গণবিজ্ঞপ্তি প্রকাশ করে। পরে ২৭ জুলাই ও ১১ আগস্ট গণশুনানি এবং সরেজমিন পরিদর্শন করা হয়। ৭ সেপ্টেম্বর জেলা প্রশাসক মো. রায়হান কবির তিন ইউনিয়নের সম্পূর্ণ অংশ সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির সুপারিশ পাঠান। ১৩ অক্টোবর স্থানীয় সরকার বিভাগও এ বিষয়ে ইতিবাচক অবস্থান নেয়। তবে ১০ নভেম্বর নতুন জটিলতা দেখা দেয়। মন্ত্রণালয় জেলা প্রশাসনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন চেয়ে জানায়, ফতুল্লা ও এনায়েতনগরের সব ওয়ার্ড প্রাথমিক গণবিজ্ঞপ্তির আওতায় ছিল না। ফলে বিধিমালা অনুসরণে ঘাটতি থাকায় পুরো তিন ইউনিয়ন অন্তর্ভুক্তির প্রস্তাব পুনরায় যাচাইয়ের প্রয়োজন দেখা দিয়েছে। এ অবস্থায় তিন ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে নিশ্চিত হতে পারছেন না। সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হলে ইউনিয়ন পরিষদের বর্তমান কাঠামো থাকবে না। আর প্রক্রিয়া দীর্ঘায়িত হলে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রশ্ন সামনে আসবে। অন্যদিকে জেলা প্রশাসনের সুপারিশে কাশীপুরকে অন্তর্ভুক্ত করা হয়নি। গোগনগরও সম্ভাব্য নির্বাচনী তালিকার আলোচনায় রয়েছে। ফলে সাত ইউনিয়নের মধ্যে কোনগুলো প্রথম ধাপে ভোটে যাচ্ছে, তা নিয়ে স্পষ্টতা নেই। সংশ্লিষ্টদের মতে, নির্বাচন কমিশন ও স্থানীয় সরকার বিভাগের মধ্যে দ্রুত সমন্বয় না হলে নির্বাচনী প্রস্তুতি ব্যাহত হতে পারে। সীমানা সম্প্রসারণের সিদ্ধান্ত ঝুলে থাকলে শুধু প্রার্থীদের রাজনৈতিক ভবিষ্যৎ নয়, স্থানীয় জনপ্রতিনিধিত্ব নিয়েও অনিশ্চয়তা বাড়বে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
