|
টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাসভবন ও কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ
নতুন সময় প্রতিনিধি
|
![]() টুঙ্গিপাড়ায় বিএনপি নেতাদের বাসভবন ও কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ রোববার (১৫ নভেম্বর) বিকেল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এসব ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ বিএনপি নেতাদের। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর ২টায় টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া বাজারে মিছিল বের করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে পাকুরতিয়া মাদ্রাসার পাশে বিএনপি সমর্থকদের দুটি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয় তারা। এরপর সাড়ে ৩টার দিকে একটি মিছিল পাটগাতী বাজারে যুবদলের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। বিকেল ৪টার দিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জসিম শেখের শ্রীরামকান্দির বাড়িতে আগুন ধরিয়ে দেয়। বিকেল ৫টার দিকে গওহরডাঙ্গা চৌরঙ্গীর মোড়ে বিএনপির সমর্থক মাহমুদ বিশ্বাসের দোকান পুড়িয়ে দেওয়া হয়। একই সময় টুঙ্গিপাড়া বাজারে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু জাফর খানের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়। পরে রাত ৮টার দিকে পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার পাটগাতি বাজারের বাসভবন ভাঙচুর করে পুড়িয়ে দেয়। এছাড়া একই সময় পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোপাল সরকারের বাড়ি ভাঙচুর করা হয়। এরপর সাড়ে ৮টার দিকে পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সির পাটগাতী মধ্যপাড়া গ্রামের বাড়িতে ভাঙচুর করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে রাত ৯টার দিকে গ্রামীণ ব্যাংকের পাটগাতী টুঙ্গিপাড়া শাখায় আগুন ধরিয়ে দেয়। টুঙ্গিপাড়া পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লা বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এদেশে রাজনীতি করার অধিকার সবার আছে। আমরা বিএনপি করি বলেই নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা আমাদের বাড়িঘর ভাঙবে, পুড়িয়ে দেবে! আমরা দোষীদের শাস্তির দাবি জানাই। এর আগের দিন শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ গাজীর বর্নি বাজারের কার্যালয়ে ভাঙচুর করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে ওইদিন রাতে কুশলী ইউনিয়নের বিএনপির কার্যালয়ে ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন জায়গায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা শুনেছি। কিন্তু এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
