গাজীপুরের কালিয়াকৈরে মাদক সেবনের জন্য টাকা না দেওয়ায় ছেলের লাঠির আঘাতে লভলাল চক্রবর্তী (৫৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে অর্ণব চক্রবর্তী পলাতক রয়েছেন। নিহতের স্ত্রী আভা চক্রবর্তীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঢালজোড়া ইউনিয়নের চিনাইল দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লভলাল চক্রবর্তী চিনাইল এলাকার ইন্দ্রমোহনের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অর্ণব চক্রবর্তী দীর্ঘদিন ধরে মাদক সেবনে জড়িত বলে অভিযোগ রয়েছে। মাদক সেবনের জন্য টাকা না পেলে তিনি প্রায়ই বাবা-মায়ের সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করতেন। এর আগে তাকে তিনবার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছিল বলেও স্থানীয়রা জানান। সোমবার সন্ধ্যায় অর্ণব তাঁর বাবার কাছে মাদক সেবনের জন্য টাকা চান। টাকা দিতে অস্বীকৃতি জানালে একপর্যায়ে লাঠি দিয়ে বাবাকে আঘাত করেন তিনি। এতে লভলাল চক্রবর্তী মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে অভিযোগ। ঘটনার পর অর্ণব পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) সানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।