কুড়িগ্রামের রৌমারীতে ১৪৬ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারি গ্রেফতার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Thursday, 15 October, 2026, 4:08 PM
কুড়িগ্রামের রৌমারীতে ১৪৬ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারি গ্রেফতার
কুড়িগ্রামের রৌমারীতে রাত্রিকালীন মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১৪৬ বোতল বিদেশি মদসহ মোঃ জাকির হোসেন (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ।
আজ ১৫ অক্টোবর কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, গ্রেফতারকৃত জাকির হোসেন রৌমারী উপজেলার চর ইটালুকান্দা গ্রামের মোঃ সবুর আলীর ছেলে। আজ রাত আনুমানিক ২টার দিকে মাদকবিরোধী অভিযানে এসআই শাহানুর আলমের নেতৃত্বে রৌমারী থানার পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। এ সময় গ্রেফতারকৃত মাদক কারবারির শয়নকক্ষ থেকে সাক্ষীদের উপস্থিতিতে ৬১ বোতল Officer’s Choice, ৩৫ বোতল McDowell’s, ১৫ বোতল AC Black এবং ৩৫ বোতল Officer’s Choice Blue ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করা হয়। জব্দকৃত মদের মোট পরিমাণ ১৪৬ বোতল।
এ বিষয়ে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ রাসেল কবির বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, বরং পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মের ভবিষ্যৎকেও বিপন্ন করে। মাদকের উৎস, সরবরাহপথ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ বদ্ধপরিকর। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।” বলে তিনি জানান। সংশ্লিষ্ট ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।