গাজীপুরে ৬ সিএনজি স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ২ কোটি ৫ লাখ টাকা
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Tuesday, 13 October, 2026, 3:07 PM
গাজীপুরে ৬ সিএনজি স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা ২ কোটি ৫ লাখ টাকা
গ্যাসের অবৈধ ব্যবহার ও অনিয়মের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে গাজীপুরে ছয়টি সিএনজি ফিলিং স্টেশনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি প্রতিষ্ঠানকে ২ কোটি টাকা এবং অপর পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে জরিমানার অঙ্ক দাঁড়িয়েছে ২ কোটি ৫ লাখ টাকা।
সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টা থেকে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এনামুল হক। দুদক, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং বিস্ফোরক অধিদপ্তরের কর্মকর্তারা এতে অংশ নেন।
অভিযান সূত্রে জানা গেছে, নির্ধারিত গ্রাহকদের গ্যাস সরবরাহ ব্যাহত করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং অনুমোদনবহির্ভূতভাবে কাভার্ড ভ্যান, লরি ও সিলিন্ডারে গ্যাস সরবরাহের অভিযোগে বিভিন্ন ফিলিং স্টেশনে তল্লাশি চালানো হয়। এ সময় গ্যাস সংযোগের শ্রেণি, সরবরাহব্যবস্থা ও প্রচলিত বিধিবিধান অনুসরণের বিষয়গুলো যাচাই করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অভিযানে মেসার্স রিয়াজ এন্ড কোং লিমিটেডের রিয়াজ ফিলিং স্টেশনে ক্যাপটিভ ও সিএনজি গ্যাস সংযোগের শ্রেণি এবং ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগ পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে ২ কোটি টাকা জরিমানা করার পাশাপাশি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অন্যদিকে, অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস সরবরাহের অভিযোগে মাহবুব ফিলিং স্টেশন, মাম সিএনজি স্টেশন, আল-হেরা সিএনজি স্টেশন, ব্লেস সিএনজি স্টেশন ও সুশল সিএনজি স্টেশনকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। পাঁচ প্রতিষ্ঠানের জরিমানা মিলিয়ে হয় ৫ লাখ টাকা। একই সঙ্গে স্টেশনগুলোর গ্যাস সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।
দুদকের গাজীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এনামুল হক জানান, গ্যাস খাতে অনিয়ম, অবৈধ সরবরাহ ও দুর্নীতি প্রতিরোধে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টদের মতে, গ্যাসের অবৈধ ব্যবহার ও অনুমোদনহীন সরবরাহ বন্ধে নিয়মিত তদারকি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এতে গ্যাস বিতরণব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি সাধারণ গ্রাহকদের নির্ধারিত গ্যাস সরবরাহ নিশ্চিত করার পথ সুগম হবে।