অপহরণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার, কলেজছাত্রী এখনো উদ্ধার হয়নি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 30 September, 2026, 6:24 PM
অপহরণের অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার, কলেজছাত্রী এখনো উদ্ধার হয়নি
গাজীপুরের শ্রীপুরে পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে একই কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রিজভীর বিরুদ্ধে। অভিযোগের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তবে ঘটনার পর কয়েক দফা অভিযান চালিয়েও ওই কলেজছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) মাওনা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শাহিনুর ইসলাম এসব তথ্য জানান।
পুলিশ ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী কলেজে যাতায়াতের পথে রিজভীর উত্ত্যক্তের শিকার হচ্ছিলেন বলে অভিযোগ রয়েছে। বিষয়টি জানাজানি হলে ছাত্রীর পরিবারের সদস্যরা রিজভীকে সতর্ক করেন। এরপরও তিনি উত্ত্যক্ত করতে থাকেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে বিষয়টি রিজভীর পরিবারকে জানানো হলে তারা তাকে শাসন করার পাশাপাশি ওই ছাত্রীর কাছে বিয়ের প্রস্তাব পাঠান বলে অভিযোগে বলা হয়েছে। তবে প্রস্তাব প্রত্যাখ্যান করায় রিজভী ক্ষুব্ধ হন বলে অভিযোগ।
অভিযোগ অনুযায়ী, গত ২৮ সেপ্টেম্বর সকালে ওই কলেজছাত্রী বাসার সামনে একটি দোকানে কেনাকাটা করতে গেলে আগে থেকেই কয়েকজন সহযোগী নিয়ে সেখানে অবস্থান করছিলেন রিজভী। একপর্যায়ে তাকে টেনেহিঁচড়ে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তার স্বজনরা।
ঘটনার পর ২৮ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রিজভীকে পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়। গাজীপুর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সরকার মো. রাকিব হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
গাজীপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাফর ইকবাল জনি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ ওঠায় রিজভীকে ছাত্রদল থেকে বহিষ্কার করা হয়েছে।
এদিকে ঘটনার বিষয়ে বক্তব্য জানতে রিজভীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়।
মাওনা পুলিশ ফাঁড়ির এসআই (উপ-পরিদর্শক) মো. শাহিনুর ইসলাম বলেন, সোমবার অভিযোগ পাওয়ার পর কলেজছাত্রীর স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন বাড়িতে অভিযান চালানো হয়েছে। তবে এখন পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।