লালমনিরহাটের পাটগ্রামে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের চাপায় ইজি বাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ছয়জন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী ইজি বাইক পাটগ্রামের দিকে যাচ্ছিল। ঘুন্টি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে বুড়িমারী স্থলবন্দরের দিকে যাওয়া একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইজি বাইককে ধাক্কা দেয়। পরে ট্রাকটি পাশের একটি দোকানে ঢুকে ইজি বাইককে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই ইজি বাইকের দুই যাত্রী নিহত হন। আহত হয় আরো কয়েকজন। খবর পেয়ে পাটগ্রাম ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোস্তাকীন নামের আরো একজনের মৃত্যু হয়।
আহতদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুজনকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তিনজন নিহত ও সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।