|
জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘জেডএফসি ২: প্রাইড অব বাংলাদেশ’
নতুন সময় প্রতিবেদক
|
![]() জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ‘জেডএফসি ২: প্রাইড অব বাংলাদেশ’ তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) আয়োজনে অনুষ্ঠিত এই চ্যাম্পিয়নশিপে থাই বক্সিং (মুয়ে থাই), প্রথাগত বক্সিং, মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) এবং দেশের ইতিহাসে প্রথমবারের মতো বেয়ার-নাকল (খালি হাতে) বক্সিংয়ের রোমাঞ্চকর বাউট অনুষ্ঠিত হয়। দর্শক গ্যালারিতে বসে প্রতিযোগিতা উপভোগ করেন তানভীর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান এবং সানভীর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমিল আহমেদ সোবহান। আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় পাঁচটি মূল শিরোপাসহ একাধিক বাউটে বিশ্বমঞ্চের অভিজ্ঞ ফাইটারদের মুখোমুখি হন বাংলাদেশের তরুণ ও উদীয়মান অ্যাথলেটরা। আয়োজনের মূল আকর্ষণ ছিল বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত বেয়ার-নাকল বক্সিং। গ্লাভস ছাড়া তিন রাউন্ডের এই বিশেষ বাউটে মুখোমুখি হন যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত ফাইটার উইল চপ ও ইরানের মোস্তফা আশৌরি। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে জয় পান আমেরিকান ফাইটার উইল চপ। এই বাউটের মধ্য দিয়ে বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে নতুন এক পেশাদার অধ্যায়ের সূচনা হলো বলে জানিয়েছেন আয়োজকরা। জেডএফসি মুয়ে থাই চ্যাম্পিয়নশিপে মালয়েশিয়ার এরওয়ান্ডি কালাইকে হারিয়ে শিরোপা জিতে নেন বাংলাদেশের মুহাম্মদ রাশেদ। আন্তর্জাতিক বাউটে ফিলিপাইনের ফিলিপাস রাঙ্গাকে পরাজিত করে জয় পান বাংলাদেশের মনজুর আলম। এ ছাড়া ডব্লিউএমও এশিয়া মুয়ে থাই চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মসজিদুল রেজা ওমিও থাইল্যান্ডের থানাপাত তিথামের বিপক্ষে লড়ে জয়ী হন। জেডএফসি বক্সিং চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সুরা কৃষ্ণ চাকমা ইন্দোনেশিয়ার কুন্দিমাংয়ের বিপক্ষে লড়ে জয় পান। অন্যদিকে বাংলাদেশের সিরাজুল রাব্বিকে হারিয়ে জয় লাভ করেন সিঙ্গাপুরের শন রাফায়েল সানি। খেলার বাইরেও গ্যালারিতে ছিল বিনোদন জগতের তারকাদের বর্ণিল উপস্থিতি। দর্শকদের উৎসাহ দিতে হাজির হন জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর অভিনয়শিল্পী জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, মুসাফির সাঈদ বাচ্চু এবং পরিচালক কাজল আরেফিন অমি। এ ছাড়া গ্যালারিতে উপস্থিত থেকে লড়াই উপভোগ করেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ, সংগীতশিল্পী জেফার রহমান, উপস্থাপক রাফসান শাবাবসহ দেশের শীর্ষস্থানীয় সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সাররা। চলতি বছরের এপ্রিল মাসে ‘জেডএফসি ১: দ্য টেকওভার’ সফলভাবে সম্পন্ন হওয়ার পর দ্বিতীয় আসরটি দেশের কমব্যাট স্পোর্টসকে আরও এক ধাপ এগিয়ে নিল। বসুন্ধরা স্পোর্টস সিটিকে কেন্দ্র করে এ ধরনের আন্তর্জাতিক আয়োজন শুধু স্থানীয় ফাইটারদের পেশাদার সুযোগই তৈরি করছে না, বরং বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশকে নতুনভাবে পরিচিত করার সুযোগও তৈরি করছে। আয়োজকদের আশা, প্রচলিত খেলাধুলার বাইরে কমব্যাট স্পোর্টসের এই জোয়ার তরুণ অ্যাথলেটদের আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
