আসামির জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালতে এক আইনজীবীর অস্বাভাবিক আচরণ ও অসংলগ্ন বক্তব্যের অভিযোগ উঠেছে। পরিস্থিতি বিবেচনায় শাহেদুল হক নামে ওই আইনজীবীর ডোপ টেস্ট করানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা এ নির্দেশ দেন। বিষয়টি বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রকাশ্যে আসে।
আদালত সূত্রে জানা গেছে, নগরের হালিশহর থানায় দায়ের করা একটি নালিশি মামলায় আসামি এমরান চৌধুরীর জামিনের আবেদন করেন আইনজীবী শাহেদুল হক। তবে শুনানির শুরুতে আদালতে বক্তব্য দেন বাদীপক্ষের আইনজীবী শ্যামলী চৌধুরী।
এ সময় আদালত জানতে চান, বাদীপক্ষের আইনজীবী হয়ে তিনি কীভাবে আসামির জামিনের শুনানি করছেন। জবাবে শ্যামলী চৌধুরী জানান, আসামির আইনজীবী শাহেদুল হক আদালতে আসতে চাইছেন না। এ কারণে তিনি জামিনের শুনানি করতে চান। একই সঙ্গে আসামির জামিনে তার কোনো আপত্তি নেই বলেও আদালতকে জানান তিনি।
পরে আদালতের নির্দেশে বিকেল ৪টা ২৫ মিনিটে আদালতে হাজির হন শাহেদুল হক। আদালতের আদেশে উল্লেখ করা হয়েছে, জামিন শুনানির সময় তাকে অপ্রকৃতিস্থ অবস্থায় দেখা যায়। এ সময় তিনি বলেন, ‘আসামি ভুল করেছে আর ভুল করবে না’ এবং তার জামিন প্রার্থনা করেন।
আদালতের আদেশে আরও বলা হয়, ওই আইনজীবীর কথা জড়িয়ে যাচ্ছিল। তার পোশাক-পরিচ্ছদও স্বাভাবিক ছিল না। এ অবস্থায় তিনি মদ্যপান করেছেন বলে আদালতের কাছে প্রতীয়মান হয়।
পরে শাহেদুল হকের ডোপ টেস্ট করানোর জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন আদালত।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. মঈনুদ্দীন বলেন, আদালত একজন আইনজীবীর ডোপ টেস্ট করানোর নির্দেশ দিয়েছেন। তবে এ বিষয়ে এখনো কোনো প্রতিবেদন তারা পাননি।