ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে দেশব্যাপী শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’। এর অংশ হিসেবে শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনসিসি ও স্কাউট সদস্যরা। অভিযানে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে। সংশ্লিষ্টরা বলেন, সরকারি উদ্যোগের পাশাপাশি জনসম্পৃক্ততাই পারে ডেঙ্গুর বিস্তার রোধ করতে।