|
চাঁদপুরে মোবাইল নিয়ে ব্যস্ত চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ
নতুন সময় প্রতিনিধি
|
![]() চাঁদপুরে মোবাইল নিয়ে ব্যস্ত চিকিৎসকের অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ স্বজনদের অভিযোগ, মৃত্যুর প্রায় ১ ঘণ্টা আগে শারীরিক অবস্থার অবনতি হলে বারবার অনুরোধের পরও চিকিৎসক রোগীকে দেখতে আসেননি। বরং মোবাইল দেখতে ব্যস্ত চিকিৎসক রোগীকে বেড থেকে কাঁধে করে তার কক্ষে নিয়ে আসার নির্দেশ দেন। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের মহিলা ওয়ার্ডে ওই রোগীর মৃত্যু হয় বলে জানিয়েছেন শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান। মারা যাওয়া হাজেরা বেগম (৪২) লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা বাজার ইউনিয়নের জামালপুর গ্রামের শেখের বাড়ির বাসিন্দা ও আক্তার হোসেনের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে লিভারের সমস্যায় ভুগছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে তাকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আক্তার হোসেন বলেন, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তার স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে রোগীকে দেখতে আসার জন্য কর্তব্যরত চিকিৎসক প্রিয়াঙ্কাকে অনুরোধ করেন। বারবার অনুরোধ করার পরও তিনি রোগীকে দেখতে আসেননি। তিনি আরও বলেন, একপর্যায়ে চিকিৎসক রোগীকে বেড থেকে কাঁধে করে তার কক্ষে নিয়ে আসার নির্দেশ দেন। কিন্তু আক্তার হোসেনের একার পক্ষে স্ত্রীকে চিকিৎসকের কক্ষে নিয়ে আসা সম্ভব নয় জানালে তিনি রোগীকে অক্সিজেন দেওয়ার পরামর্শ দেন। এর কিছুক্ষণ পর রাত সাড়ে ১১টার দিকে হাজেরা বেগমের মৃত্যু হয়। সময়মতো চিকিৎসা পেলে হয়ত এ ঘটনা ঘটত না বলে আক্ষেপ করেন তার স্বামী। এ বিষয়ে চিকিৎসক প্রিয়াঙ্কার বক্তব্য জানতে গেলে সাংবাদিকদের বক্তব্য নিতে বাধা দেন হাসপাতালের কার্ডিওলজি কনসালট্যান্ট জয়ন্ত মালাকার। তিনি নিজেকে ষষ্ঠ গ্রেডের কর্মকর্তা ও হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্বে রয়েছেন দাবি করে বলেন, কর্তব্যে অবহেলা সংক্রান্ত অভিযোগ ওঠা চিকিৎসকের সব বিষয়ের দায় তিনি নেবেন এবং চিকিৎসকের পক্ষ থেকে সব ধরনের বক্তব্য তিনিই দেবেন। কথোপকথনের একপর্যায়ে জয়ন্ত মালাকার বলেন, ওই রোগীর আইসিইউ সাপোর্ট প্রয়োজন ছিল। লিভারের জটিল চিকিৎসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্ভব নয়। এ বিষয়ে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু নাছের শাকিল মোবাইলে বলেন, চিকিৎসকের কর্তব্যে অবহেলার বিষয়টি প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
