|
মেসির অবসর ঘোষণার পর স্ত্রী রোকুজ্জোর আবেগঘন বার্তা
নতুন সময় ডেস্ক
|
![]() মেসির অবসর ঘোষণার পর স্ত্রী রোকুজ্জোর আবেগঘন বার্তা মেসির দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের নানা উত্থান-পতনের সাক্ষী ছিলেন রোকুজ্জো। ছোটবেলা থেকে মেসির স্বপ্ন, সংগ্রাম, ত্যাগ, ব্যর্থতা এবং ঘুরে দাঁড়ানোর লড়াই কাছ থেকে দেখেছেন তিনি। বিদায়ী বার্তায় সেই স্মৃতিগুলোই তুলে ধরেছেন মেসির জীবনসঙ্গী। রোকুজ্জো লিখেছেন, ছোটবেলা থেকেই তিনি একই ভালোবাসা ও গর্ব নিয়ে মেসিকে আর্জেন্টিনার রঙের জার্সি পরতে দেখেছেন। দেখেছেন তার প্রতিটি স্বপ্ন, ত্যাগ, অশ্রু, পরাজয় এবং প্রতিবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা। তিনি আরও বলেন, আর্জেন্টিনার জার্সি মেসির কাছে কতটা গুরুত্বপূর্ণ, তা তিনি অন্য সবার চেয়ে ভালো জানেন। দেশের জন্য মেসি কতটা কষ্ট করেছেন এবং যন্ত্রণার মধ্যেও কতবার সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তারও সাক্ষী তিনি। মেসির কঠিন সময়গুলোর কথাও স্মরণ করেছেন রোকুজ্জো। হাতছাড়া হওয়া ফাইনাল, সমালোচনার মুখে পড়া এবং অদৃশ্য এক চাপ কাঁধে নিয়ে পথ চলার সময়গুলোতে তিনি মেসির পাশে ছিলেন বলে উল্লেখ করেন। তবে দীর্ঘ অপেক্ষার পর সাফল্যের মুহূর্তও দেখেছেন রোকুজ্জো। কোপা আমেরিকা জয়ের পর মেসির হাতে বিশ্বকাপ ওঠার দৃশ্যকে জীবনের অন্যতম আনন্দের মুহূর্ত হিসেবে তুলে ধরেছেন তিনি। বিদায়ী বার্তায় নিজেদের সন্তানদের কথাও উল্লেখ করেন রোকুজ্জো। তিনি বলেন, তাদের সন্তানেরা বাবাকে আর্জেন্টিনার পতাকার জন্য লড়াই করতে দেখেই বড় হয়েছে। তারা দেখেছে মেসি পড়ে যাওয়ার পর আবার উঠে দাঁড়িয়েছেন এবং দেশের জন্য লড়াই কখনো বন্ধ করেননি। সবশেষে মেসিকে উদ্দেশ করে আবেগঘন বার্তায় রোকুজ্জো বলেন, এই বিদায় মেসির জন্য কতটা কঠিন, তা তিনি জানেন। তবে তিনি এটাও জানেন যে আর্জেন্টিনার জন্য মেসি নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছেন। রোকুজ্জোর ভাষায়, আর্জেন্টিনা সবসময় মেসির একটি অংশ হয়ে থাকবে, যেমন মেসিও সবসময় আর্জেন্টিনার অংশ হয়ে থাকবেন। বার্তার শেষে স্বামীকে উদ্দেশ করে তিনি লেখেন, আমরা তোমাকে অসীমভাবে ভালোবাসি, লিও। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
