ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬ ১২ ভাদ্র ১৪৩৩
সিজার অপারেশনে প্রসূতি ও নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 27 August, 2026, 12:54 PM

সিজার অপারেশনে প্রসূতি ও নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

সিজার অপারেশনে প্রসূতি ও নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

গাজীপুরের টঙ্গীতে সিজারিয়ান অপারেশনের পর তামান্না (২১) নামে এক প্রসূতি ও তার নবজাতক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। অপারেশনের সময় জরায়ু কেটে অতিরিক্ত রক্তক্ষরণে তামান্নার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় চিকিৎসায় অবহেলা ও গাফিলতির অভিযোগ তুলেছে নিহতের পরিবার।

বুধবার (২৬ আগস্ট) রাতে টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড এলাকার নিউ লাইফ হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সন্তান প্রসবের জন্য তামান্নাকে নিউ লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। পরে গাইনি অ্যান্ড অবস বিভাগের সার্জন ডা. ফারহানা আক্তারের তত্ত্বাবধানে তার সিজারিয়ান অপারেশন করা হয়। পরিবারের দাবি, অপারেশনের সময় জরায়ু কেটে যাওয়ার পর তামান্নার অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়।

অবস্থার অবনতি হলে রাত ১০টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সে করে তাকে উত্তরার শিন শিন জাপান হাসপাতালে পাঠায়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তামান্নাকে মৃত ঘোষণা করেন। একই সময়ে নিউ লাইফ হাসপাতালেই তার নবজাতক কন্যাশিশুর মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ।

নিহত তামান্না গাজীপুর মহানগরীর পূবাইল থানার বসুগাঁও মীরের বাজার এলাকার মো. সিদ্দিক মিয়ার মেয়ে। তার স্বামী মো. রবিউল ইসলাম তুহিন।

চিকিৎসায় অবহেলার অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ডা. ফারহানা আক্তারের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। হাসপাতালের যোগাযোগের জন্য ব্যবহৃত নম্বরটিও বন্ধ পাওয়া যায়।

ঘটনার খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ হাসপাতালে যায়। চিকিৎসায় কোনো ধরনের অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

গাজীপুরের সিভিল সার্জন ডা. মামুনুর রহমান বলেন, বিষয়টি খতিয়ে দেখে তদন্ত কমিটি গঠন করা হবে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তা আমলে নিয়ে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে অবৈধ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।

ঘটনাটি ঘিরে হাসপাতালটির চিকিৎসাসেবা, অপারেশনের প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট চিকিৎসকদের ভূমিকা তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছে নিহতের পরিবার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status