|
মাসিক রাষ্ট্রীয় সম্মানীর জন্য যেভাবে নির্বাচিত হবে ৮২ হাজার ৬৫৬ মসজিদ
নতুন সময় প্রতিবেদক
|
![]() মাসিক রাষ্ট্রীয় সম্মানীর জন্য যেভাবে নির্বাচিত হবে ৮২ হাজার ৬৫৬ মসজিদ সোমবার (১০ আগস্ট) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬-২০২৭ অর্থবছরে রাষ্ট্রীয় সম্মানীর জন্য দেশের প্রতিটি ইউনিয়ন থেকে ১৫টি করে মসজিদ নির্বাচন করা হবে। একইভাবে পৌরসভাগুলোর শ্রেণিভেদে মসজিদ নির্বাচনের সংখ্যাও নির্ধারণ করা হয়েছে। ‘ক’ শ্রেণির পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে চারটি করে মসজিদ নির্বাচন করা হবে। ‘খ’ শ্রেণির পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে নির্বাচিত হবে তিনটি মসজিদ। আর ‘গ’ শ্রেণির পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে দুটি করে মসজিদ নির্বাচন করা হবে। এ ছাড়া সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ড থেকে ছয়টি করে মসজিদ নির্বাচন করা হবে। নির্বাচিত মসজিদের ইমাম মাসে ৫ হাজার টাকা করে সম্মানী পাবেন। মুয়াজ্জিন পাবেন ৩ হাজার টাকা এবং খাদেম পাবেন ২ হাজার টাকা করে। সম্মানীর অর্থ সরাসরি উপকারভোগীদের ব্যাংক হিসাবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে পাঠানো হবে। সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের জন্য মাসিক সম্মানী ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালুর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে দেশের মোট ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান রাষ্ট্রীয় মাসিক সম্মানীর আওতায় আসছে। এর মধ্যে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার ও ৩০১টি গির্জা রয়েছে। এসব ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত মোট ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা এ সুবিধার আওতায় আসবেন। মসজিদের পাশাপাশি মন্দির, বৌদ্ধ বিহার ও গির্জার জন্যও প্রতিষ্ঠান নির্বাচনের পৃথক কাঠামো নির্ধারণ করা হয়েছে। চলতি অর্থবছরে মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে কর্মরত ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী দেওয়ার জন্য বাজেটে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ অর্থবছরে দেশের প্রায় এক-চতুর্থাংশ ধর্মীয় উপাসনালয় এ সুবিধার আওতায় আসবে। পরবর্তী তিন অর্থবছরে পর্যায়ক্রমে দেশের শতভাগ ধর্মীয় প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় এ সুবিধার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে ২০২৫-২৬ অর্থবছরে পাইলট প্রকল্পের আওতায় দেশের ৬ হাজার ১৭টি নির্বাচিত ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইতসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত মোট ১৩ হাজার ৯৪৯ জনকে প্রথমবারের মতো সম্মানী দেওয়া হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
