ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে ধারণ করে ড্যাফোডিলে অনুষ্ঠিত হলো ‘স্মরণে জুলাই: তারুণ্যের প্রত্যয়’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 5 August, 2026, 7:04 PM

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে ধারণ করে ড্যাফোডিলে অনুষ্ঠিত হলো ‘স্মরণে জুলাই: তারুণ্যের প্রত্যয়’

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে ধারণ করে ড্যাফোডিলে অনুষ্ঠিত হলো ‘স্মরণে জুলাই: তারুণ্যের প্রত্যয়’

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম, শিক্ষা ও দায়িত্বশীল নাগরিকত্বের চেতনা জাগিয়ে তুলতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) দিনব্যাপী ‘স্মরণে জুলাই: তারুণ্যের প্রত্যয় ২০২৬’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) ড্যাফোডিল স্মার্ট সিটির বিভিন্ন ভেন্যুতে আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।

‘অতীতের প্রতি শ্রদ্ধা, শিক্ষার প্রতি অঙ্গীকার এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য দায়িত্বশীল নাগরিক গঠন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তরুণ প্রজন্মের মধ্যে দেশপ্রেম, মানবিকতা ও গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে নানা আয়োজন করা হয়।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নলেজ টাওয়ারের স্টুডেন্ট লাউঞ্জে আমন্ত্রিত স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক আলোকচিত্র ও শিল্পকর্ম প্রদর্শনী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবের উন্মুক্ত কার্যক্রম অনুষ্ঠিত হয়। এছাড়া কেন্দ্রীয় মসজিদে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মূল পর্বের শুরুতে ‘জুলাই মহাগাথা’ শীর্ষক নাটক, নৃত্য ও সংগীত পরিবেশনার মাধ্যমে জুলাইয়ের চেতনা তুলে ধরা হয়। জাতীয় সংগীত পরিবেশন, পবিত্র কোরআন, গীতা ও বাইবেল থেকে পাঠ এবং শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের পর ‘রক্তে লেখা শ্রাবণ: দাবানলের দিনগুলো’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। একই সঙ্গে শহীদ শ্রাবণের নামে ‘জুলাই আপরাইজিং আর্কাইভ’ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থী ও আহত যোদ্ধা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। পাশাপাশি শহীদ শ্রাবণের বাবার ভিডিও বার্তা প্রদর্শন করা হয়, যেখানে তিনি জুলাই আন্দোলনের স্মৃতি, সংগ্রাম ও আত্মত্যাগের কথা তুলে ধরেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি , জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম রব্বানী এবং ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল।

অনুষ্ঠানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের শিল্পকর্মের জন্য সনদ প্রদান এবং কর্মসূচি সফল করতে অবদান রাখা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও সংগঠনকে সম্মাননা জানানো হয়।দিনব্যাপী কর্মসূচির সমাপনী পর্বে জনপ্রিয় ব্যান্ড ‘অ্যাভয়েড রাফা’ সংগীত পরিবেশন করে।

আয়োজকদের মতে, ‘স্মরণে জুলাই: তারুণ্যের প্রত্যয় ২০২৬’ শুধু একটি স্মরণানুষ্ঠান নয়; এটি নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আত্মত্যাগ এবং গণতান্ত্রিক চেতনা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে দায়িত্বশীল নাগরিকত্ব, মানবিক মূল্যবোধ এবং দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকারকে আরও দৃঢ় করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status