|
তীব্র জলাবদ্ধতার কবলে জামালপুর পৌর গোরস্থান
মোহাম্মদ বিজয়, জামালপুর
|
![]() তীব্র জলাবদ্ধতার কবলে জামালপুর পৌর গোরস্থান গোরস্থানের প্রধান হাঁটার পথসহ কবরগুলোর চারপাশ উপচে পড়ছে পানি। অনেক নামফলক ও পাকা কবর আংশিক বা পুরোপুরি পানিতে ডুবে রয়েছে। দীর্ঘদিন ধরে এই সমস্যার সৃষ্টি হয়েছে সামান্য বৃষ্টি হলেই কবর ডুবে যায়। জলাবদ্ধতার মূল কারণ যাতায়াত সড়ক, বাসা-বাড়ি, উচু হলেও গোরস্থান নিচু যার ফলে বৃষ্টির হলেই সড়কের আশেপাশের বাসা বাড়ির পানি সহ গোরস্থানে জমে থাকে। গোরস্থানের ভেতরের রাস্তাগুলো পানিতে তলিয়ে যাওয়ায় দূর-দূরান্ত থেকে আসা মানুষ তাদের স্বজনদের কবর জিয়ারত করতে পারছেন না। বাধ্য হয়ে অনেককে নোংরা পানি পাড়িয়েই ভেতরে প্রবেশ করতে হচ্ছে। জলাবদ্ধতার কারণে নতুন করে কোনো মৃতদেহ দাফন করার মতো শুকনো জায়গা খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই গোরস্থানে পানি জমে যাওয়ায় এই সংকটের সৃষ্টি হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, গোরস্থানের চারপাশের ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত নাজুক এবং আবর্জনায় ভরাট হয়ে থাকায় বৃষ্টির পানি সহজে নামতে পারছে না। কবর জিয়ারত করতে আসা একজন ক্ষুব্ধ বাসিন্দা বলেন, "আমাদের শেষ ঠিকানা এই কবরস্থান। কিন্তু সামান্য বৃষ্টি হলেই যেভাবে এটি পানির নিচে তলিয়ে যায়, তা অত্যন্ত দুঃখজনক। জীবিত মানুষের দুর্ভোগের তো শেষ নেই, এখন মৃত মানুষের পবিত্র স্থানটিও কর্তৃপক্ষের অবহেলার শিকার হচ্ছে।" জামালপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চলা জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে সম্প্রতি স্থানীয় বাসিন্দারা নানা কর্মসূচি ও ক্ষোভ প্রকাশ করে আসছেন। এরই মধ্যে পৌর গোরস্থানের এই চিত্র শহরবাসীর দুঃখকে আরও বাড়িয়ে দিয়েছে। ভুক্তভোগী মহল অবিলম্বে পৌর কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন এবং দ্রুত ড্রেনগুলো পরিষ্কার করে গোরস্থান থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করার জোর দাবি জানিয়েছেন। এই বিষয়ে পৌরসভা পৌর নিবাহী কমকর্তা হাফিজুর রহমান বলেন, জলবদ্ধতা নিরসনের জন্য কাজ করে যাচ্ছি। গোরস্থান নিচু থাকার কারণে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। গোরস্থান উচু করার প্রক্রিয়া গ্রহণ করেছি অতিশীঘ্রই কাজ শুরু করবো। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
