|
সরকারকে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারের উদ্যোগ নিতে হবে: মিয়া গোলাম পরওয়ার
মোঃ মনসুর আলী শিকদার, নরসিংদী
|
![]() সরকারকে গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কারের উদ্যোগ নিতে হবে: মিয়া গোলাম পরওয়ার শুক্রবার (১৭ জুলাই) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে দলের সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি আইনি ও সরকারের সিদ্ধান্তের বিষয়। সরকারই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। তিনি অভিযোগ করেন, জুলাই-আগস্টের আন্দোলনের সময় সাধারণ মানুষের ওপর যে সহিংসতা, হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনা ঘটেছে, তার বিচার এবং দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে। মিয়া গোলাম পরওয়ার বলেন, যারা অন্যায় করেছে তাদের বিচার হতে হবে। জনগণ ফ্যাসিবাদী রাজনীতির অস্তিত্ব আর মেনে নিতে চায় না। গণভোটের রায়ও সেটিই প্রমাণ করেছে। তিনি আরও বলেন, বিএনপির উচিত দেশকে সংঘাতের দিকে না নিয়ে পার্লামেন্টে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা, শপথ গ্রহণ করা এবং জুলাই সনদের আইনি ভিত্তির জন্য অনুষ্ঠিত গণভোটের রায় কার্যকর করা। জামায়াতের এই নেতা বলেন, গণভোটের রায় মেনে নিয়ে সংবিধান সংস্কার করা হলে সংকটের সমাধান হবে। তা না হলে রাজপথে যাওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প পথ থাকবে না। নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর সংগঠক মো. ইব্রাহিম ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আ ফ ম আব্দুস সাত্তার ও মশিউল আলমসহ, জেলা মিডিয়া সম্পাদক আমিরুল ইসলাম আমির ও দলের অন্যান্য নেতারা। এর আগে নরসিংদী জেলার জামায়াতের সদস্যদের (রুকন) নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
