|
কালিয়াকৈরে এক রাতে ৯ কবর খুঁড়ে কঙ্কাল উধাও, রহস্যে উদ্বিগ্ন এলাকাবাসী
নতুন সময় প্রতিনিধি
|
![]() কালিয়াকৈরে এক রাতে ৯ কবর খুঁড়ে কঙ্কাল উধাও, রহস্যে উদ্বিগ্ন এলাকাবাসী পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে উপজেলার সূত্রাপুর ইউনিয়নের টেকিবাড়ী চানপুর কেন্দ্রীয় কবরস্থানে দুর্বৃত্তরা প্রবেশ করে পরিকল্পিতভাবে একাধিক কবর খুঁড়ে কঙ্কাল নিয়ে যায়। চারদিকে বেষ্টনী থাকা সত্ত্বেও কীভাবে তারা কবরস্থানে প্রবেশ করল, তা নিয়েও নানা প্রশ্ন দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১৬জুলাই) সকালে কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কয়েকজন পথচারীর নজরে আসে কবরের ওপর ফেলে রাখা মাটি ও বাঁশ। সন্দেহ হলে তারা ভেতরে গিয়ে দেখেন, অন্তত ৯টি কবর খোঁড়া এবং সেখান থেকে কঙ্কাল উধাও। পরে বিষয়টি দ্রুত পুলিশকে জানানো হয়। স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন জানান, রাত ১০টার দিকে তিনি ওই পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় সবকিছু স্বাভাবিক ছিল। গভীর রাতে মানুষের চলাচল কম থাকায় সেই সুযোগে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে তার ধারণা। তিনি বলেন, গ্রামের কয়েকটি পরিবারের স্বজনদের কঙ্কালও চুরি হয়েছে, যা অত্যন্ত মর্মান্তিক। সূত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোলাইমান হোসেন মিন্টু বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশকে অবহিত করা হয়েছে। এটি অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক ঘটনা। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
ধর্ষণের শিকার শিশুটির পাশে দাঁড়ালেন সাতক্ষীরা জেলা প্রশাসন
