|
চরভদ্রাসনের চর ঝাউকান্দ ইউনিয়নে
৫৬টি পরিবারের মাঝে সরকারি ত্রাণ বিতরণ, আরও ৩০০ প্যাকেজের দাবি
নতুন সময় প্রতিনিধি
|
![]() ৫৬টি পরিবারের মাঝে সরকারি ত্রাণ বিতরণ, আরও ৩০০ প্যাকেজের দাবি এদিন ক্ষতিগ্রস্ত ৫৬টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। তবে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর দাবি, প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা অনেক বেশি। অন্তত আরও ৩০০টি ত্রাণ প্যাকেজ বরাদ্দ করা হলে বাকি অসহায় পরিবারগুলোকেও সহায়তা দেওয়া সম্ভব হবে। ত্রাণপ্রাপ্তরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দুর্যোগের সময় প্রশাসনের এই উদ্যোগ তাদের জন্য স্বস্তি বয়ে এনেছে। তবে যাতে কোনো ক্ষতিগ্রস্ত পরিবার সহায়তা থেকে বঞ্চিত না হয়, সে জন্য অতিরিক্ত ত্রাণ বরাদ্দের দাবি জানান তারা। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২ নং চর ঝাউকান্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামান মৃধা (বদু), ট্যাগ অফিসার সেলিম খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের সদস্যসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামান মৃধা (বদু) বলেন,"চরাঞ্চলের অনেক পরিবার এখনও বন্যা ও টানা বৃষ্টির কারণে মানবেতর জীবনযাপন করছে। আজ ৫৬টি পরিবারের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়েছে, তবে এটি প্রয়োজনের তুলনায় খুবই কম। অন্তত আরও ৩০০টি ত্রাণ প্যাকেজ প্রয়োজন। আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অতিরিক্ত বরাদ্দের আবেদন জানিয়েছি। আশা করি দ্রুত বরাদ্দ পেলে বাকি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝেও ত্রাণ পৌঁছে দেওয়া সম্ভব হবে।" বিতরণ করা প্রতিটি ত্রাণ প্যাকেজে ছিল ১০ কেজি বিআর-২৯ চাল, ১ কেজি দেশি মসুর ডাল, ১ কেজি আয়োডিনযুক্ত লবণ, ১ কেজি চিনি, ১ লিটার সয়াবিন তেল, ১০০ গ্রাম মরিচের গুঁড়া, ২০০ গ্রাম হলুদের গুঁড়া এবং ১০০ গ্রাম ধনিয়ার গুঁড়া। প্রতিটি প্যাকেজের মোট নেট ওজন ছিল ১৪.৩৫ কেজি। জানা গেছে, ত্রাণসামগ্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থবছর ২০২৪-২০২৫-এর বরাদ্দ থেকে সরবরাহ করা হয়েছে। প্যাকেজ নম্বর DDM/DF/Khulna/2024-2025/02, টেন্ডার আইডি ১০০৩৩৩৪। সরবরাহকারী প্রতিষ্ঠান এসিআই ফুডস লিমিটেড। এলাকাবাসীর প্রত্যাশা, ক্ষতিগ্রস্ত পরিবারের প্রকৃত সংখ্যা বিবেচনায় নিয়ে দ্রুত অতিরিক্ত ত্রাণ বরাদ্দ দেওয়া হবে, যাতে কোনো অসহায় পরিবার দুর্যোগের সময় সহায়তা থেকে বঞ্চিত না হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
