|
অপরাধী ধরতে গিয়ে মামলার আসামি
মেরুংয়ে যুব সমাজের সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() মেরুংয়ে যুব সমাজের সংবাদ সম্মেলন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সম্প্রতি এক কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে স্থানীয় জনতার সহায়তায় উদ্ধার করে পুলিশের কাছে সোপর্দ করতে এলাকার কয়েকজন যুবক ভূমিকা রাখেন। কিন্তু পরবর্তীতে ওই অভিযুক্ত ব্যক্তি তাদের কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে অপরাধ দমনে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিরুৎসাহিত হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। বক্তাদের দাবি, মামলাটি নিরপেক্ষভাবে তদন্ত করা হলে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে এবং নির্দোষ ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি পাওয়া যাবে না। তাই সুষ্ঠু তদন্ত শেষে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে আরও বলা হয়, মেরুং এলাকায় দীর্ঘদিন ধরে মাদক, যৌন অপরাধ ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। সম্প্রতি এক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ এবং এক কিশোরকে যৌন নির্যাতনের ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। বক্তারা অভিযোগ করেন, মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগের ঘটনাটিও গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত। একই সঙ্গে মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনারও দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে সচেতন যুব সমাজের পক্ষ থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো— কিশোর নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, ভুক্তভোগী ও তার পরিবারের নিরাপত্তা প্রদান, যুবকদের বিরুদ্ধে দায়ের করা মামলার নিরপেক্ষ তদন্ত করে নির্দোষদের অব্যাহতি দেওয়া, মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগ পুনঃতদন্ত এবং মেরুং এলাকায় মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করা। বক্তারা বলেন, তারা আইনের শাসনে বিশ্বাসী এবং কোনো অপরাধীকে রক্ষা করার পক্ষে নন। তবে প্রকৃত ঘটনা উদঘাটনে নিরপেক্ষ তদন্ত এবং নিরপরাধ ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ প্রত্যাহার করা প্রয়োজন। সংবাদ সম্মেলনের শেষে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট মানবাধিকার সংস্থার প্রতি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন ও ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
