প্রেস ক্লাব সাধারণ সম্পাদকের পা ভেঙে দিলেন আওয়ামী লীগ নেতা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 3 April, 2019, 9:14 PM
প্রেস ক্লাব সাধারণ সম্পাদকের পা ভেঙে দিলেন আওয়ামী লীগ নেতা
কক্সবাজারের মহেশখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর ছালামত উল্লাহকে মারধর করে পা ভেঙে দিয়েছেন পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা মকসুদ মিয়া।
আহত সাংবাদিককে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
রড ও হাতুড়ির আঘাতে সাংবাদিক ছালামত উল্লাহর পুরো শরীর থেঁতলে দিয়েছে আওয়ামী লীগ নেতা মকসুদ মিয়া।
চমেক হাসপাতালে নেয়ার সময় আহত সাংবাদিক ছালামত উল্লাহ বলেন, ‘পৌরসভার কাউন্সিলর হিসেবে মিটিংয়ে বিভিন্ন সময় নানা অনিয়মের প্রতিবাদ করতেন তিনি। মঙ্গলবার রাতে প্রেস ক্লাবে বসে কাজ করছিলেন তিনি। রাত সাড়ে ৯টার দিকে মহেশখালী পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা মকসুদ মিয়া তার সহযোগীদের নিয়ে হঠাৎ অফিসে উপস্থিত হন। কিছু বুঝে ওঠার আগেই পৌর মেয়র তাকে টানা-হিঁচড়ে তার ব্যবহৃত গাড়িতে তোলেন।
এ সময় চিৎকার করলেও পৌর মেয়রের ভয়ে তার সাহায্যে কেউ এগিয়ে আসেনি। গাড়িতে তোলার পর থেকেই তার ওপর নির্যাতন শুরু হয়। এরপর পৌরসভার অন্তত চারটি স্পটে নিয়ে তাকে নির্যাতন করা হয়। ওইসব স্পটে আগে থেকেই মকসুদ মিয়ার লোকজন উপস্থিত ছিল।
তিনি জানান, হামলাকারীরা রড, হাতুড়ি দিয়ে বেধড়ক আঘাত করেছে। তিনি বার বার জীবন ভিক্ষা চাইলেও তার ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছে। পরে অর্ধমৃত অবস্থায় তাকে দীঘির পূর্ব পাড়ে ফেলে চলে যায় মেয়র ও তার সহযোগীরা। সেখান থেকে লোকজন তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে পৌর মেয়র মকসুদ মিয়া ও কাউন্সিলর ছালামত উল্লাহর মধ্যে দূরত্ব চলে আসছিল। সম্প্রতি ছালামত উল্লাহ তার ফেসবুক ওয়ালে পৌর মেয়র মকসুদ মিয়ার নাম না দিয়েও তাকে ইঙ্গিত করে বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন। এতে ক্ষিপ্ত হয়ে মকসুদ মিয়া ও তার সহযোগীরা এ ঘটনা ঘটিয়েছে।