ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
মদরিচের ২০০তম ম্যাচে ক্রোয়েশিয়ার জয়, বিদায় নিশ্চিত পানামার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 24 June, 2026, 10:34 AM
সর্বশেষ আপডেট: Wednesday, 24 June, 2026, 12:14 PM

মদরিচের ২০০তম ম্যাচে ক্রোয়েশিয়ার জয়, বিদায় নিশ্চিত পানামার

মদরিচের ২০০তম ম্যাচে ক্রোয়েশিয়ার জয়, বিদায় নিশ্চিত পানামার

লুকা মদরিচের জাতীয় দলের হয়ে ২০০তম ম্যাচটি স্মরণীয় করে রেখেছে ক্রোয়েশিয়া। টরন্টো স্টেডিয়ামে পানামাকে ১–০ গোলে হারিয়ে নকআউটের আশা বাঁচিয়ে রেখেছে বলকান অঞ্চলের দেশটি। অন্যদিকে টানা দ্বিতীয় হারে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়েছে পানামার।

ফিফা র‍্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা পানামার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই এগিয়ে থাকার কথা ছিল ক্রোয়েশিয়ার। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। বরং কয়েকবার ক্রোয়েশিয়ার রক্ষণে চাপ তৈরি করে পানামা।

বিরতির পরই পরিবর্তনে যান কোচ জ্লাতকো দালিচ। ডিফেন্ডার ইয়োশকো গাভার্দিওল ও ফরোয়ার্ড পেতার মুসাকে তুলে মাঠে নামান আন্তে বুদিমির ও আন্দ্রে ক্রামারিচকে। সেই সিদ্ধান্তই ম্যাচের ভাগ্য গড়ে দেয়। ৫৪ মিনিটে ইয়োসিপ স্তানিসিচের ক্রস থেকে বুদিমির গোল করলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। শেষ পর্যন্ত সেই একমাত্র গোলেই জয় নিশ্চিত হয় তাদের।

‘এল’ গ্রুপে এটি ক্রোয়েশিয়ার প্রথম জয়। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৪–২ গোলে হেরেছিল তারা। দুই ম্যাচ শেষে ইংল্যান্ড ও ঘানার সমান ৪ পয়েন্ট, তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে ইংল্যান্ড। ঘানা দ্বিতীয়, ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ক্রোয়েশিয়া। কোনো পয়েন্ট না পাওয়া পানামা আছে তলানিতে। আগামী শনিবার ঘানার বিপক্ষে শেষ ম্যাচে জিততে পারলেই নকআউট পর্বে জায়গা করে নেবে ক্রোয়াটরা।

মাইলফলকের ম্যাচ খেলেছেন ৪০ বছর বয়সী অধিনায়ক লুকা মদরিচ। জাতীয় দলের হয়ে এটি ছিল তাঁর ২০০তম উপস্থিতি। ৮১ মিনিটে তাঁকে তুলে নেওয়ার পর ম্যাচ শেষে ক্রোয়েশিয়া ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বিশেষ স্মারক জার্সি উপহার দেওয়া হয়।

এদিন ইতিহাসও গড়েছেন ম্যাচের একমাত্র গোলদাতা আন্তে বুদিমির। ৩৪ বছর ৩৩৭ দিন বয়সে গোল করে তিনি ইভিকা ওলিচকে ছাড়িয়ে বিশ্বকাপে ক্রোয়েশিয়ার সবচেয়ে বেশি বয়সী গোলদাতার রেকর্ড গড়েছেন।

স্কোরলাইনে হারলেও লড়াইয়ে পিছিয়ে ছিল না পানামা। ক্রোয়েশিয়ার চেয়ে বেশি শট তারা লক্ষ্যে রাখতে সক্ষম হয়। বিশেষ করে দ্বিতীয়ার্ধে কয়েকবার সমতায় ফেরার সুযোগ তৈরি করেছিল দলটি। তবে গোলরক্ষক দমিনিক লিভাকোভিচ দুর্দান্ত দুটি সেভ করে দলকে রক্ষা করেন।

এই হারের ফলে চলতি বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হওয়া পঞ্চম দলে পরিণত হয়েছে পানামা। ২০১৮ বিশ্বকাপেও দ্বিতীয় ম্যাচের পরই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল মধ্য আমেরিকার দেশটি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status