ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ দখল উচ্ছেদে পৌরসভার অভিযান
মোঃ হাবিব উল্যাহ পাঠান, ভালুকা
প্রকাশ: Tuesday, 23 June, 2026, 8:25 PM

ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ দখল উচ্ছেদে পৌরসভার অভিযান

ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ দখল উচ্ছেদে পৌরসভার অভিযান

ময়মনসিংহের ভালুকা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ফুটপাত ও সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ভালুকা পৌরসভা। মঙ্গলবার দুপুরে পৌর প্রশাসক ইকবাল হোসাইনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন অস্থায়ী দোকানপাট সরিয়ে ফেলা হয়।

পৌরসভা সূত্র জানায়, দীর্ঘদিন ধরে বাসস্ট্যান্ড এলাকার ফুটপাত দখল হয়ে যাওয়ায় পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। পাশাপাশি সড়কে যানজটও বাড়ছিল। এ অবস্থায় সরকারি জায়গা দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে ফুটপাতের ওপর গড়ে ওঠা অস্থায়ী দোকান ও অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। এতে পথচারীদের জন্য ফুটপাত ব্যবহারের সুযোগ তৈরি হবে এবং যান চলাচলও কিছুটা স্বাভাবিক হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

ভালুকার পৌর প্রশাসক ইকবাল হোসাইন বলেন, সরকারি জায়গায় কোনো ধরনের অবৈধ স্থাপনা গড়ে উঠলে তা নিয়মিত উচ্ছেদ করা হবে। এজন্য মনিটরিং টিম গঠন করে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, উচ্ছেদের বিষয়টি আমরা সময়ে সময়ে করে থাকি। এখানে যারা দোকান দিয়েছেন তারা অধিকাংশই ছিন্নমূল মানুষ। তাদের উচ্ছেদ করতে আমাদেরও খারাপ লাগে। কিন্তু বৃহত্তর মানুষের স্বার্থে দখলমুক্ত পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। সকালে এসে দেখলাম হাঁটার রাস্তা পুরোপুরি দখল হয়ে গেছে। তাই ফুটপাত যতটুকু আছে, তা দখলমুক্ত রাখতে যা যা প্রয়োজন আমরা করব।

পৌর প্রশাসক জানান, বাসস্ট্যান্ড থেকে ব্রিজ পর্যন্ত সড়ক সম্প্রসারণ ও যানজট নিরসনে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা জিরো পয়েন্ট থেকে ব্রিজ পর্যন্ত সড়ক কার্পেটিং ও মাঝখানে ডিভাইডার নির্মাণের পরিকল্পনা করছি, যাতে অন্তত আগামী কয়েক বছর যানজট নিয়ন্ত্রণে রাখা যায়। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সঙ্গে যোগাযোগ করা হলেও দীর্ঘসূত্রতার কারণে পৌরসভা নিজ উদ্যোগে কাজটি বাস্তবায়নের পরিকল্পনা করছে।

অভিযানকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মাঝেও আলোচনা দেখা যায়। কয়েকজন পথচারী জানান, ফুটপাত দখলমুক্ত থাকলে সাধারণ মানুষের চলাচল সহজ হবে। তবে ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের বিষয়েও গুরুত্ব দেওয়ার দাবি জানান কেউ কেউ।

পৌর প্রশাসক ইকবাল হোসাইন বলেন, পৌরসভা জনগণের জন্য কাজ করে। পৌরসভা যদি জনদুর্ভোগের কারণ হয় তাহলে সেটি গ্রহণযোগ্য নয়। অবৈধ দখলের সঙ্গে পৌরসভার কোনো আর্থিক সংশ্লিষ্টতা নেই। কেউ যদি প্রমাণ দিতে পারে যে পৌরসভা এসব থেকে ভাড়া নেয়, তাহলে তা সামনে আনুক।

তিনি জানান, যানজট নিরসন ও দখল প্রতিরোধে নতুনভাবে পৌর পুলিশ কার্যক্রম চালু করা হয়েছে। পৌর পুলিশের সদস্যরা প্রতিদিন সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে কাজ করবেন বলেও তিনি উল্লেখ করেন।

স্থানীয় প্রশাসনের দাবি, নিয়মিত অভিযান ও নজরদারির মাধ্যমে বাসস্ট্যান্ড এলাকাকে দখলমুক্ত রাখার কার্যক্রম অব্যাহত থাকবে।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status