খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুপাড়া এলাকায় নিজ ঘর থেকে মো. হাসান (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে, যেখানে লেখা ছিল— “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।” ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২ জুন) দুপুরের আগে বাবুপাড়া ভাঙ্গা বিল্ডিং এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, সকালে প্রতিবেশীরা হাসানকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সন্দেহ করেন। পরে ঘরের পাশের টিনের বেড়ার ফাঁক দিয়ে ভেতরে তাকিয়ে তাকে সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে দীঘিনালা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার আগের দিন রাতে পারিবারিক বিষয় নিয়ে হাসানের সঙ্গে তার স্ত্রীর বিরোধ হয়। একপর্যায়ে স্ত্রী অভিমান করে বাবার বাড়িতে চলে যান। এরপর হাসান ঘরে একাই ছিলেন।
স্থানীয়দের দাবি, হাসান দীর্ঘদিন ধরে মাদকাসক্তির সমস্যায় ভুগছিলেন। এ কারণে তার পারিবারিক জীবনে অশান্তি তৈরি হয়েছিল এবং অতীতেও তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এসেছিলেন। তবে তার মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ বা কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।
নিহতের স্ত্রী খোদেজা বেগম জানান, মাদকাসক্তির কারণে সংসারে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। ঘটনার আগের দিনও তাদের মধ্যে বিরোধ হয়েছিল। পরদিন সকালে ঘরে ফিরে দরজা বন্ধ দেখতে পেয়ে সন্দেহ হয়। পরে ভেতরে প্রবেশ করে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
দীঘিনালা থানার এসআই প্রাণতোষ বণিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হলেও মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে। পারিবারিক কলহ ও অন্যান্য বিষয় গুরুত্বসহকারে যাচাই করা হচ্ছে।
তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।