|
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তিতে ঘরমুখো মানুষ
নতুন সময় প্রতিনিধি
|
![]() ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট, চরম ভোগান্তিতে ঘরমুখো মানুষ সংশ্লিষ্ট সূত্র জানায়, শিল্পাঞ্চল গাজীপুরের বিভিন্ন পোশাক কারখানায় ঈদের ছুটি শুরু হওয়ায় একযোগে লাখো শ্রমিক রাজধানী ও আশপাশের এলাকা ছেড়ে নিজ নিজ গন্তব্যে রওনা হয়েছেন। একই সঙ্গে দূরপাল্লার বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ির চাপ বেড়ে যাওয়ায় মহাসড়কে যান চলাচল ধীরগতির হয়ে পড়ে। যাত্রীদের অভিযোগ, স্বাভাবিক সময়ে ঢাকা থেকে ময়মনসিংহ যেতে যেখানে তিন থেকে চার ঘণ্টা সময় লাগে, সেখানে যানজটের কারণে দ্বিগুণ সময় লাগছে। অনেকে ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে আটকে থাকছেন। বিশেষ করে টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা এবং সালনা থেকে মাওনা অংশে যানজট বেশি দেখা গেছে। বাসচালক ও পরিবহন সংশ্লিষ্টরা জানান, বৃষ্টির কারণে সড়কের কিছু অংশে পানি জমে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া কোথাও কোথাও বিকল যানবাহন এবং অতিরিক্ত চাপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। হাইওয়ে পুলিশ জানিয়েছে, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিকল যান দ্রুত সরিয়ে নিতে রেকার টিম প্রস্তুত রাখা হয়েছে। তবে বিকেলের পর আরও কারখানায় ছুটি শুরু হলে যানবাহনের চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন নারী, শিশু ও বৃদ্ধ যাত্রীরা। দীর্ঘসময় আটকে থাকায় অনেকেই খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে পড়েন। গরম ও যানজট মিলিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষও দেখা গেছে। এছাড়া ঢাকা-টাঙ্গাইল-চন্দ্রা মহাসড়কেও যানজটে থেমে থেমে যানচলাচল করতে দেখা গেছে। কোথাও কোথাও তীব্র ও মাঝারি যানজট রয়েছে। কোথাওবা আবার যানবাহনে স্থবিরতার ফলে কয়েক কিলোমিটার এলাকায় দেখা দিয়েছে যানবাহনের জটলা। হাইওয়ে পুলিশের দায়িত্বরত সদস্যদের পাশাপাশি থানা পুলিশসহ মহাসড়কে যানজট নিরসনে সরব ভূমিকা পালন করছে পুলিশ এমনটি জানিয়েছেন জি এম পির ক্রাইম এন্ড অপারেশন্স পুলিশ কমিশনার বেলায়েত হোসেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
গোহালা ইউনিয়নে চেয়ারম্যান পদে আল আমিন বিশ্বাসের প্রার্থিতা ঘোষণা
পাইকগাছায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ৩০ বছর পর গদাইপুর কুরবানির পশুর হাট বন্ধ
সাজেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজিবির মানবিক সহায়তা ও শিক্ষা উপহরন বিতরণ
জাকজমক আয়োজনে অনুষ্ঠিত হলো ‘গুরুর বাড়ি কিডস কমিউনিটি’র বৈশাখী কিডস ফেস্টিভ্যাল
