আদালতে হাজিরা দিতে আসা বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 24 May, 2026, 3:38 PM
আদালতে হাজিরা দিতে আসা বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি
কক্সবাজারে আদালতে মামলায় হাজিরা দিতে আসা সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা লিয়াকত আলী সিকদারসহ সঙ্গে থাকা লোকজনকে লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন একজন। বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজনকে আটক করা হয়েছে।
রোববার (২৪ মে) সকাল ১১ টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণের দক্ষিণের চলাচলের রাস্তায় এ ঘটনা ঘটে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ও অভিযান ) মো. অহিদুর রহমান।
ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন লিয়াকত আলী সিকদারের চাচাতো ভাই মোহাম্মদ মঈনুদ্দিন। আটক দুই হামলাকারীর নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি।
ঘটনাস্থলে উপস্থিত থাকা গুলিবিদ্ধ লিয়াকত আলীর ছোট ভাই মোহাম্মদ জায়েদ জানান, রোববার তার বড় ভাইয়ের মামলার হাজিরার দিন ধার্য ছিল। সকালে তারা এজলাসে হাজিরা দিতে যাওয়ার আদালত প্রাঙ্গণের দক্ষিণ পাশের চলাচলের রাস্তায় পৌঁছালে ৬/৭ জনের দুর্বৃত্ত লিয়াকতকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় তিনি (লিয়াকত) আদালতের ভেতরে ঢুকে আত্মরক্ষা করেন। পরে ঘটনাস্থলে উপস্থিত লোকজন হামলাকারীদের ধাওয়া দিয়ে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজনকে ধরে পুলিশের কাছে তুলে দেন।
এসময় হামলায় অংশ নেয়া অন্যরা মোটরসাইকেল ও একটি সাদা ভক্সি মাইক্রোবাসে পালিয়ে যান।
হামলাকারীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী হত্যার উদ্দেশ্যে লিয়াকতকে গুলি করেছে দাবি করে জায়েদ বলেন, ‘রাজনৈতিক বিরোধ ও এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে স্থানীয় খালেকসহ তার বাহিনীর লোকজন ও আমার ভাই লিয়াকতের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আদালত প্রাঙ্গণের হামলায় খালেক বাহিনীর সদস্যরা অংশ নিয়েছে।’
ঘটনার ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ ও অভিযান ) মো. অহিদুর রহমান জানান, আদালত গুলিবর্ষণের ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় ২ হামলাকারীকে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক করা হয়। গুলিবিদ্ধ ব্যক্তিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে পুলিশের অভিযান চলেছে বলে জানান তিনি।