|
কুড়িগ্রামে প্রস্তাবিত বাংটুর ঘাট সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী
|
![]() কুড়িগ্রামে প্রস্তাবিত বাংটুর ঘাট সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল এ সেতু নির্মিত হলে কুড়িগ্রাম সদর উপজেলার পাশাপাশি ফুলবাড়ী উপজেলার মানুষের যোগাযোগ ব্যবস্থায়ও নতুন গতি সঞ্চার হবে বলে মনে করছেন স্থানীয়রা। চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চীনা রোড ব্রিজ কর্পোরেশনের প্রধান প্রকৌশলী জাইয়া সাই। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন বিজনেস ম্যানেজার ইউ জিগিং, মার্কেটিং ম্যানেজার ওয়াং জিংওয়েই, ডিজাইন ইঞ্জিনিয়ার পেংটাও এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শানতোনো। পরিদর্শনকালে প্রতিনিধি দলটি নদীর প্রবাহ, ভাঙন পরিস্থিতি, সংযোগ সড়কের সম্ভাবনা, নদীর প্রস্থ ও আশপাশের ভৌগোলিক অবস্থা পর্যবেক্ষণ করেন। এসময় তারা স্থানীয় জনপ্রতিনিধি, ফুলবাড়ী উপজেলা এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সম্ভাব্য সেতুর গুরুত্ব এবং বাস্তবায়ন নিয়ে মতবিনিময় করেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বাংটুর ঘাটে একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী। বর্তমানে নদী পারাপারের একমাত্র ভরসা নৌকা ও ফেরি হওয়ায় বর্ষা মৌসুমে চরম দুর্ভোগ পোহাতে হয় সাধারণ মানুষকে। একটি সেতু নির্মিত হলে কুড়িগ্রাম সদর উপজেলার সঙ্গে ফুলবাড়ী উপজেলা সহ বিভিন্ন ইউনিয়নের সরাসরি যোগাযোগ সহজ হবে। এতে ফুলবাড়ী উপজেলার কৃষি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় ব্যাপক ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশের সেতু বাস্তবায়ন ও ভবন ব্যবস্থাপনা ইউনিটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ এবাদত আলী, কুড়িগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিবসহ ফুলবাড়ী উপজেলা ও কুড়িগ্রাম সদর উপজেলার স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিক সম্ভাব্যতা যাচাই শেষে প্রকল্পটি বাস্তবায়নের বিষয়ে পরবর্তী কারিগরি ও প্রশাসনিক কার্যক্রম গ্রহণ করা হতে পারে। সেতুটি নির্মিত হলে কুড়িগ্রাম সদর ও ফুলবাড়ী উপজেলার যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
