ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
৪৪ বছর পর ভিলার ইউরোপ জয়, ফাইভ স্টার এমেরি ও অপরাজিত মার্তিনেজ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 21 May, 2026, 1:22 PM

৪৪ বছর পর ভিলার ইউরোপ জয়, ফাইভ স্টার এমেরি ও অপরাজিত মার্তিনেজ

৪৪ বছর পর ভিলার ইউরোপ জয়, ফাইভ স্টার এমেরি ও অপরাজিত মার্তিনেজ

দুর্দান্ত জয়ে ৩০ বছরের শিরোপাখরা কি দারুণভাবেই না কাটাল অ্যাস্টন ভিলা। গতকাল রাতে ইউরোপা লিগ ফাইনালে জার্মান ক্লাব ফ্রাইবুর্গকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে ভিলা। গোল করেন ইউরি তিলেমানস, এমিলিয়ানো বুয়েন্দিয়া ও মর্গান রজার্স।

ইস্তাম্বুলে অনুষ্ঠিত ফাইনালে ৪১ মিনিটে বজ্রগতির ভলিতে ভিলাকে এগিয়ে নেন তিলেমানস। প্রথমার্ধে যোগ করা সময়ে অসাধারণ বাঁকানো শটে ব্যবধান দ্বিগুণ করেন বুয়েন্দিয়া। দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে রজার্স গোল করে ফ্রাইবুর্গের ওপর ভিলার আধিপত্য নিশ্চিত করে। এর মধ্য দিয়ে ১৯৯৬ সালের লিগ কাপের পর প্রথম শিরোপা জিতল ইংলিশ ক্লাবটি। ইউরোপের মঞ্চে ৪৪ বছর পর বড় কোনো টুর্নামেন্টে শিরোপার দেখা পেল ভিলা।

ক্লাবটির ১৫২ বছরের ইতিহাসে এত দিন সবচেয়ে স্মরণীয় মুহূর্ত ছিল ১৯৮২ সালে ইউরোপিয়ান জয়। রটারডামে সেবার ফাইনালে বায়ার্ন মিউনিখকে হারায় ভিলা। সেই দলের ৯ জন সাবেক ফুটবলার বেসিকতাস পার্কের গ্যালারিতে বসে ভিলার ইউরোপা লিগ জয় দেখেন। ঐতিহ্যবাহী মেরুন-নীল জার্সির বদলে এদিন ভিলা খেলেছে সাদা জার্সিতে। ১৯৮২ সালে বায়ার্ন মিউনিখের বিপক্ষেও একই রঙের জার্সি পরে খেলেছিল তারা।

ইউরোপিয়ান পর্যায়ে দ্বিতীয় সারির এ টুর্নামেন্টে পঞ্চম শিরোপা জিতলেন ভিলা কোচ উনাই এমেরি। এর আগে সেভিয়ার হয়ে ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালে টানা তিনবার এবং ২০২১ সালে ভিয়ারিয়ালের হয়ে একবার এই ট্রফি জেতেন।

স্প্যানিশ কোচ এমেরি চলতি সপ্তাহেই বলেছিলেন, তিনি নিজেকে ইউরোপা লিগের রাজা মনে করেন না। কিন্তু ফাইনালে ভিলার রাজকীয় জয় যেন সত্যিই রাজমুকুট পরিয়ে দিল তাঁকে। বেসিকতাস স্টেডিয়ামে প্রায় ২০ হাজার উচ্ছ্বসিত ভিলা সমর্থকের সঙ্গে উদ্‌যাপনে ছিলেন ক্লাবটির সমর্থক প্রিন্স উইলিয়াম। ছিলেন হলিউড অভিনেতা টম হ্যাঙ্কসও। তিনিও অ্যাস্টন ভিলার খ্যাতিমান সমর্থক। ম্যাচ শুরুর আগে দলকে শুভকামনাও জানান হ্যাঙ্কস।

ভিলার জন্য মৌসুমের শেষটা হয়ে থাকল স্মরণীয়। গত সপ্তাহে লিভারপুলকে হারিয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত করে ক্লাবটি। অথচ মৌসুমের শুরুটা ছিল একেবারেই হতাশাজনক। টানা ছয় ম্যাচ জয়হীন থাকার পাশাপাশি সেই সময়ে মাত্র দুটি গোল করেছিল ভিলা। সেই দলটাই মাত্র ছয় দিনের ব্যবধানে চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিতের পর জিতে নিল ইউরোপা লিগের শিরোপাও।

রাতটি স্মরণীয় হয়ে থাকল ভিলার আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের জন্যও। এই শিরোপা জয়ের মধ্য দিয়ে ক্যারিয়ারে কোনো ফাইনাল না হারার রেকর্ড অক্ষুণ্ন রাখলেন মার্তিনেজ। সব মিলিয়ে এখন পর্যন্ত ৭টি ফাইনাল খেলে সব কটি জিতেছেন মার্তিনেজ—যেখানে আছে বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমা।

জয়ের পর ভিলা কোচ এমেরি বলেন, আমি নিজে খুবই উচ্চাভিলাষী। অবশ্যই আমার সমর্থন দরকার ক্লাবের মালিকদের, এখানে কাজ করা সবার। আমরা আরও শক্তিশালী হচ্ছি, তবে নিজেদের কাছে আরও বেশি কিছু দাবি করতে হবে। আগামী মৌসুমে আমরা চ্যাম্পিয়নস লিগে খেলব। প্রিমিয়ার লিগ বিশ্বের সবচেয়ে কঠিন লিগ। এটাই আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status