|
তলিয়ে যাওয়া ধান কাটতে মাঠে এমপি সালাউদ্দিন আইয়ূবি
নতুন সময় প্রতিনিধি
|
![]() তলিয়ে যাওয়া ধান কাটতে মাঠে এমপি সালাউদ্দিন আইয়ূবি মঙ্গলবার (৫ মে) সকালে কাপাসিয়া উপজেলা-এর চাঁদপুর ইউনিয়নের নলী বিল এলাকায় গিয়ে এমপি নিজেই কাস্তে হাতে ধান কাটায় অংশ নেন। এ সময় তিনি কৃষক মুহা. আল-আমিন শেখের প্রায় ২৫ শতাংশ জমির তলিয়ে যাওয়া ধান কাটতে সহায়তা করেন। তার সঙ্গে স্থানীয় জামায়াত নেতাকর্মীরাও ধান কাটায় অংশ নেন। স্থানীয় কৃষকরা জানান, কয়েকদিনের টানা বর্ষণ ও বিলের পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বিস্তীর্ণ এলাকার পাকা ধান হঠাৎ করেই পানির নিচে তলিয়ে যায়। এতে ধান নষ্ট হওয়ার আশঙ্কায় চরম দুশ্চিন্তায় পড়েন তারা। এমন পরিস্থিতিতে জনপ্রতিনিধির সরাসরি মাঠে নেমে কাজ করায় কৃষকদের মাঝে নতুন করে সাহস জাগে। কৃষক আল-আমিন শেখ আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আমার জমির ধান পানির নিচে তলাইয়া গেছিল। ভাবছিলাম সব শেষ। এমপি সাহেব নিজে আইয়া ধান কাইটা দিছে—এটা আমার জীবনের বড় সহায়তা।” নলী বিলের আরেক কৃষক বলেন, “আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম কীভাবে ধান তুলব। এমপি সাহেব নিজে আইয়া আমাদের সঙ্গে ধান কাটছেন—এটা কল্পনাও করি নাই।” ধান কাটার সময় এমপি সালাউদ্দিন আইয়ূবি বলেন, “কৃষকরা আমাদের দেশের প্রাণ। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করে যাব।” এ সময় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারাও কৃষকদের সঙ্গে ধান কাটায় অংশ নেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন। স্থানীয়দের মতে, এই উদ্যোগ শুধু ধান রক্ষায় সহায়তা করেনি, বরং দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের মনোবলও বাড়িয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
