|
আইভীকে বারবার গ্রেপ্তার দেখানো কেন অবৈধ নয়: হাই কোর্ট
নতুন সময় প্রতিনিধি
|
![]() আইভীকে বারবার গ্রেপ্তার দেখানো কেন অবৈধ নয়: হাই কোর্ট সেইসঙ্গে তাকে নতুন কোনো মামলায় হয়রানি বা গ্রেপ্তার না করারও নির্দেশ দিয়েছে আদালত। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ রোববার এ আদেশ দেয়।আদালতে আইভীর পক্ষে শুনানি করেন আইনজীবী সারা হোসেন ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। পরে মোতাহার হোসেন সাজু বলেন, সেলিনা হায়াৎ আইভী হাই কোর্ট থেকে ১০ মামলায় জামিন পেয়েছেন। আবার নতুন দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এর বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করা হয়েছে। "প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারির পাশাপাশি তাকে নতুন মামলায় হয়রানি বা গ্রেপ্তা না করার নির্দেশ দিয়েছেন।"নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আইভী দেশের প্রথম নির্বাচিত নারী মেয়র এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের টানা তিনবারের মেয়র। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৮ অগাস্ট সেলিনা হায়াৎ আইভীকে মেয়রের পদ থেকে অপসারণ করে তৎকালীন অন্তর্বর্তী সরকার। এরপর ২০২৫ সালের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় হওয়া তিনটি হত্যা মামলা ও দুটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত বছরের ৯ নভেম্বর ওই পাঁচ মামলায় হাই কোর্ট থেকে জামিন পান আইভী। রাষ্ট্রপক্ষ ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যায়। এরপর চেম্বার আদালত গত বছরের ১২ নভেম্বর হাই কোর্টের দেওয়া জামিন স্থগিত করে রাষ্ট্রপক্ষের আবেদনগুলো শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠায়। আবেদনগুলো এখনো শুনানির অপেক্ষায়। হাই কোর্ট যেদিন আইভীকে পাঁচ মামলায় জামিন দেয়, সেদিনই আরও পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। ১৮ নভেম্বর তা মঞ্জুর করে আদালত।ওই পাঁচ মামলায় গত ২৬ ফেব্রুয়ারি আইভীকে ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয় হাই কোর্ট। এবারও সেই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যায় রাষ্ট্রপক্ষ। চেম্বার আদালত ৫ মার্চ হাই কোর্টের জামিন স্থগিত করে রাষ্ট্রপক্ষের আবেদনগুলো শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেয়। এদিকে দ্বিতীয় দফায় পাঁচ মামলায় জামিন আদেশ হওয়ার পর আইভীকে নতুন দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। একটি মামলায় ২ মার্চ এবং অপর মামলায় ১২ এপ্রিল তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে নারায়ণগঞ্জের ম্যাজিস্ট্রেট আদালত। গ্রেপ্তার দেখানোর ওই প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে গত সপ্তাহে রিট আবেদন করেন আইভীর আইনজীবীরা। তার শুনানি করেই রুল দিল আদালত। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
