|
ভুল স্বীকার করে ‘সবচেয়ে কঠিন’ তিন মাসের গল্প শোনালেন স্টোকস
নতুন সময় ডেস্ক
|
![]() ভুল স্বীকার করে ‘সবচেয়ে কঠিন’ তিন মাসের গল্প শোনালেন স্টোকস এরপর সামাজিক মাধ্যমে আবেগময় লেখায় নেতৃত্বে দুটি দিক তুলে ধরেছেন স্টোকস। শুনিয়েছেন নিজের কঠিন সময়ের কথা। “ইংল্যান্ডের অধিনায়ক হতে পারা যে কোনো ক্রিকেটারের জন্য সর্বোচ্চ সম্মান এবং আমি এটিকে হালকাভাবে নিই না। এর ভালো দিক আছে, খারাপ দিকও আছে; এটা হাসায়, আবার কাঁদাতেও চায়। এটা পুরোপুরি গ্রাস করে ফেলে এবং মাঝে মাঝে মনে হয়, এটাই যেন জীবনের একমাত্র অবলম্বন।” “গত তিন মাস নিঃসন্দেহে আমার অধিনায়কত্বের যাত্রার সবচেয়ে কঠিন সময় ছিল, এটি নানাভাবে আমাকে পরীক্ষা করেছে এবং আমি নিশ্চিত যে অন্য সব অধিনায়কও এই পরিস্থিতির মধ্য দিয়ে গেছেন।” অ্যাশেজে দলের পরাজয়ের পাশাপাশি স্টোকসের নিজের পারফরম্যান্সও খুব ভালো ছিল না। বল হাতে ১৫ উইকেট নিতে পারলেও ব্যাট হাতে ১০ ইনিংসে রান করতে পারেন মোট ১৮৪। অধিনায়কত্বেও ছিল ঘাটতি। ভুল যে কিছু ছিল, তা অকপটে বলছেন স্টোকস নিজেও। সেখান থেকে শেখার কথাও বললেন তিনি। ইংলিশ ক্রিকেটের প্রতি ভালোবাসার তীব্রতার কথা তুলে ধরে প্রতিজ্ঞা করলেন দলকে এগিয়ে নেওয়ার। “বাজ (ম্যাককালাম), রব (কি) এবং আমার আবেগ ও আকাঙ্ক্ষা রয়েছে এই দলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার। আমরা আমাদের সর্বস্ব দিয়ে দেব। আমরা জানি, এই পথে আমরা ভুল করেছি এবং সেই ভুলগুলো থেকে আমরা শিখেছি। সাফল্যের চেয়ে ব্যর্থতা থেকে বেশি শেখা যায়।” “আমি নিজের সম্পর্কে অনেক কিছু শিখেছি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমি ভক্তদের জানাতে চাই তা হলো আমি ক্রিকেটকে দারুণ ভালোবাসি, এই দলকে তীব্র ভালোবাসি, ইংল্যান্ডের অধিনায়কত্বকে খুবই ভালোবাসি এবং এই ভূমিকায় আরও অনেক কিছু দেওয়ার আছে আমার। আমি খুব খুশি যে, বাজ এবং রবের সাথে এটি করতে পারছি।” সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্টোকস বললেন, ভবিষ্যতের তাদের প্রত্যাশা পূরণের চেষ্টা করবেন তারা। “যারা আমাদের সমর্থন করেন, তাদের প্রত্যেতের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা যা করছি, অনেক কারণেই তা করি। তার মধ্যে একটি কারণ হলো, আমাদের সমর্থক ও ভক্তদের আনন্দ এবং গর্বের অনুভূতি দেওয়া। ভবিষ্যতে আমরা যতটা সম্ভব এই কাজগুলো করার লক্ষ্য রাখব। আগামী জুনে টেস্ট ম্যাচ গ্রীষ্মের শুরুতে আবার আপনাদের সবার সঙ্গে দেখা হবে।” |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
