ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
চাঁদার দাবিতে চাঁদপুরে বিয়ে বাড়িতে ‘কিশোর গ্যাংয়ের’ হামলা, আহত ৩
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 27 February, 2026, 8:17 PM

চাঁদার দাবিতে চাঁদপুরে বিয়ে বাড়িতে ‘কিশোর গ্যাংয়ের’ হামলা, আহত ৩

চাঁদার দাবিতে চাঁদপুরে বিয়ে বাড়িতে ‘কিশোর গ্যাংয়ের’ হামলা, আহত ৩

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় চাঁদার দাবিতে বিয়ে বাড়িতে ‘কিশোর গ্যাংয়ের’ সদস্যদের হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের রায়েরকান্দি গ্রামের নমপাড়ায় বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) রাতে এ ঘটনা ঘটে বলে মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ মণ্ডল জানান।

আহতরা হলেন- ত্রিনাথ বিশ্বাস (৩২), বাবুলাল বিশ্বাস (৬০) ও ব্রিজন রানী (৪৫)।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, রায়েরকান্দি গ্রামের জীবন চন্দ্র দাসের বাড়িতে বাবুলাল বিশ্বাসের ছেলে শম্ভু নাথ বিশ্বাসের বিয়ের অনুষ্ঠান চলছিল। এ সময় পাশের এলাকার মহন (২৫), আরমান (১৮), জিসান (১৮) সহ কয়েকজন এসে এক লাখ টাকা চাঁদা দাবি করে। পরে তারা ৩০ হাজার টাকায় নেমে আসে।

পরিস্থিতি সামাল দিতে বর পক্ষ তিন হাজার টাকা দেন। কিন্তু এতে তারা তাতে সন্তুষ্ট হতে পারেননি। একপর্যায়ে তারা তিনজনকে মারধর করে। পরে টেবিল-চেয়ার ভাঙচুর ও আশপাশে বাড়িঘরে হামলা চালায়। আহতরা মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

আহত বরের ভাই ত্রিনাথ বিশ্বাস অভিযোগ করেন, আমরা প্রবাসে থাকি। ভাইয়ের বিয়েতে দেশে এসেছি। বৃহস্পতিবার রাতে বাড়িতে অনুষ্ঠান চলছিল, আমরা কেরাম খেলছিলাম। তখন ‘কিশোর গ্যাং’ এসে হামলা চালায়। আমার গলার স্বর্ণের চেইন এবং ছোট ভাইয়ের গলার চেইন ছিনিয়ে নেয়। হামলায় আমার মাথা ফেটে যায়।

স্থানীয় বাসিন্দা রঘুনাথ বিশ্বাস ও জীবনকৃষ্ণ সরকার বলেন, বিয়ে বাড়িতে এ ধরনের ‘ন্যাক্কারজনক’ হামলার ঘটনায় তারা আতঙ্কে আছেন। প্রশাসনের কাছে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম মোল্লা বলেন, ঘটনার সময় আমরা তারাবির নামাজে ছিলাম। পরে খবর পেয়ে পুলিশকে জানাই। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমিও পরবর্তীতে ঘটনাস্থলে গিয়েছি। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সে বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন।

মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ মণ্ডল বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ধরনের চাঁদাবাজি বা সহিংসতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status