|
পেকুয়ায় বনবিভাগের অভিযানে ২ টি ডাম্পার আটক, পালাল আরও ২টি
নিজামুল ইসলাম নিজাম, পেকুয়া
|
![]() পেকুয়ায় বনবিভাগের অভিযানে ২ টি ডাম্পার আটক, পালাল আরও ২টি বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ঢালার মুখ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ঢালার মুখ মসজিদের দক্ষিণ পাশে বনবিভাগের সংরক্ষিত জায়গা থেকে একটি প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালি উত্তোলন করে আসছিল। এর আগে বনবিভাগ অভিযান চালিয়ে এই বালি জব্দ করে রাখলেও, অভিযোগ রয়েছে রাতের আঁধারে সেই জব্দকৃত বালি সরিয়ে নেওয়ার চেষ্টা করে চক্রটি। বিষয়টি জানতে পেরে বনবিভাগ দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। অভিযানকালে মোট চারটি ডাম্পার গাড়ি আটক করা হলেও অভিযানের সময় দু’টি গাড়ি দ্রুত পালিয়ে যায়। বাকি দু’টি ডাম্পার জব্দ করে বারবাকিয়া রেঞ্জ অফিসে নিয়ে যাওয়া হয়। আটককৃত গাড়ির নম্বর— চট্রমেট্রো-অ-০১৪৪ এবং চট্রমেট্রো-য়-৫৭৩। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, অবৈধ বালি উত্তোলনের ফলে পরিবেশ ও বনভূমির মারাত্মক ক্ষতি হচ্ছে। তারা আশা প্রকাশ করেন, প্রশাসনের এমন কঠোর অভিযানের মাধ্যমে বালি খেকো সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ হবে এবং বনাঞ্চল রক্ষা পাবে। বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা খালেকুজ্জামান জানান, বনবিভাগের জায়গা থেকে জব্দকৃত বালি সরিয়ে নেওয়ার খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি ডাম্পার আটক করা সম্ভব হয়েছে এবং পলাতক গাড়িগুলো শনাক্তের চেষ্টা চলছে। তিনি আরও বলেন, বনভূমি রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
