|
টঙ্গীতে অভিনব কৌশলে ফেন্সিডিল পাচার, র্যাবের অভিযানে ৪ নারী গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি, গাজীপুর
|
![]() টঙ্গীতে অভিনব কৌশলে ফেন্সিডিল পাচার, র্যাবের অভিযানে ৪ নারী গ্রেফতার র্যাব-১ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে সোমবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) রাতে উত্তরা ক্যাম্পের একটি আভিযানিক দল টঙ্গী পূর্ব থানাধীন নতুন বাজার এলাকার মেসার্স হায়দারাবাদ রাইস স্টোরের সামনে টঙ্গী-নরসিংদী সড়কে তল্লাশি অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে রাত আনুমানিক ১১টা ১৫ মিনিটে টঙ্গী চৌরাস্তা থেকে নরসিংদীগামী একটি অটোরিকশায় থাকা চার নারীকে সন্দেহজনকভাবে তল্লাশি করা হয়। এ সময় তাদের প্রত্যেকের পেটের সঙ্গে স্বচ্ছ স্কচটেপ দিয়ে বিশেষ কায়দায় বাঁধা অবস্থায় মোট ১৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের পরিমাণ ১৯ দশমিক ৭ লিটার এবং যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ৮৮ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব। গ্রেফতারকৃতরা হলেন— রাবেয়া বেগম (২৫), বেলী আক্তার (২৪), লিমা খাতুন (২২) ও শিখা খাতুন (২৭)। তাদের মধ্যে তিনজনের বাড়ি বগুড়া সদর উপজেলায় এবং অপরজন পাবনা সদর এলাকায়। র্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার সারণী ১৪(গ) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে আসামি ও উদ্ধারকৃত আলামত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিব হাসান (পিপিএম-সেবা) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
