|
রোযার আগে রাবাব ফ্যাশনে লে-অফ ঘোষণা, কারখানা খোলার দাবিতে শ্রমিকদের অবস্থান
নতুন সময় প্রতিনিধি, গাজীপুর
|
![]() রোযার আগে রাবাব ফ্যাশনে লে-অফ ঘোষণা, কারখানা খোলার দাবিতে শ্রমিকদের অবস্থান শ্রমিকদের অভিযোগ, পূর্ব ঘোষণা ছাড়াই এমন সিদ্ধান্ত নেওয়ায় তারা অনিশ্চয়তায় পড়েছেন। কারখানার শ্রমিক মশিউর রহমান একটি গণমাধ্যমকে জানান, প্রতিষ্ঠানটিতে সাত শতাধিক শ্রমিক কর্মরত রয়েছেন এবং মালিকপক্ষের সঙ্গে তাদের সুসম্পর্ক রয়েছে। তবে চলতি মাসের বেতন এখনও পরিশোধ করা হয়নি। তিনি বলেন, “আজ সকালে কারখানায় এসে দেখি লে-অফ ঘোষণা করা হয়েছে। সামনে রোযা ও ঈদ। এই অবস্থায় পরিবার-পরিজন নিয়ে আমরা দিশেহারা হয়ে পড়েছি। মালিকপক্ষের সঙ্গে আলোচনা করবো। আলোচনা ফলপ্রসূ না হলে শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে।” গাজীপুর শিল্প পুলিশের ইনস্পেক্টর বিকাশ চৌধুরী জানান, কারখানার সামনে লে-অফ নোটিশ টানানো হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করছেন। কারখানা কর্তৃপক্ষের ব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন বিভাগ) স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়েছে, গত কয়েক মাস ধরে ক্রেতাদের অর্ডারের বিপরীতে কাঁচামাল সংগ্রহে বিলম্ব ও বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে অর্ডার কমে গেছে এবং অনেক অর্ডার বাতিল হয়েছে। একই সঙ্গে নতুন অর্ডার না পাওয়ায় উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। ফলে প্রতিষ্ঠানটি আর্থিক ক্ষতির মুখে পড়েছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী ১৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে ৪ মার্চ ২০২৬ পর্যন্ত কারখানাটি লে-অফ ঘোষণা করা হয়েছে। লে-অফ চলাকালীন শ্রমিকদের আইন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে এবং এ সময় তাদের কর্মস্থলে উপস্থিত থাকার প্রয়োজন নেই বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। তবে প্রতিষ্ঠানের নিরাপত্তা বিভাগের কর্মীরা এ সিদ্ধান্তের আওতার বাইরে থাকবেন। এ বিষয়ে কারখানার ডিজিএম মোহাম্মদ শাহীনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। রমজানের প্রাক্কালে হঠাৎ এমন সিদ্ধান্তে শ্রমিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। পরিস্থিতি সমাধানে মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে দ্রুত আলোচনার দাবি জানিয়েছেন শ্রমিকরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
