গাজীপুরে তারেক রহমান: খেটে খাওয়া মানুষের জন্য কাজ করেছে একমাত্র বিএনপি
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Wednesday, 28 January, 2026, 5:53 PM
গাজীপুরে তারেক রহমান: খেটে খাওয়া মানুষের জন্য কাজ করেছে একমাত্র বিএনপি
গাজীপুরে গার্মেন্টস শিল্প, প্রবাসী শ্রমিক পাঠানো ও নারী শিক্ষায় যুগান্তকারী অবদানের কথা তুলে ধরে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “এই দেশের খেটে খাওয়া মানুষের জন্য যদি কেউ কাজ করে থাকে, সেটি একমাত্র বিএনপি।”
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি মাঠে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গাজীপুরে গার্মেন্টস শিল্পের সূচনা করেছিলেন, যার ফলে আজ লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে। মা-বোনেরা ঘরের বাইরে এসে সম্মানের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন। একইভাবে বিদেশে শ্রমিক পাঠানোর রাষ্ট্রীয় ব্যবস্থাও বিএনপি সরকারই চালু করেছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, “আজ আমাদের মেয়েরা ওয়ান থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত ফ্রি শিক্ষা পাচ্ছে—এই উদ্যোগটি নিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।”
বিএনপি বিজয়ী হলে গাজীপুরে যেসব কাজ বাস্তবায়নের ঘোষণা- বিএনপি ক্ষমতায় এলে গাজীপুরে একাধিক উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দেন তারেক রহমান।
গাজীপুরে তারেক রহমান: খেটে খাওয়া মানুষের জন্য কাজ করেছে একমাত্র বিএনপি
এর মধ্যে উল্লেখযোগ্য—জয়দেবপুর রেলক্রসিংয়ে ওভারপাস নির্মাণ,বিআরটি প্রকল্প বাস্তবায়ন, নারী গার্মেন্টস শ্রমিকদের সন্তানদের জন্য ডে-কেয়ার সেন্টার চালু, তুরাগ নদ, লবনদহ ও চিল্লাই খাল দূষণমুক্ত ও পুনঃখনন, শ্রমিকদের জন্য স্বল্পমূল্যের আবাসন ব্যবস্থা, নারী ও শিশুদের স্বাস্থ্যসেবায় প্রতি এলাকায় হেলথ কেয়ারার নিয়োগ।
এছাড়া খেটে খাওয়া পরিবারের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য কৃষক কার্ড চালুর পরিকল্পনার কথাও জানান তিনি।
ভোট ডাকাতি রুখতে সতর্ক থাকার আহ্বানে তারেক রহমান বলেন, “গত ১৫-১৬ বছর দেশের মানুষের ভোটের অধিকার ডাকাতি করে নেওয়া হয়েছিল। এবার আর সেটা হতে দেওয়া যাবে না।”
গাজীপুরে তারেক রহমান: খেটে খাওয়া মানুষের জন্য কাজ করেছে একমাত্র বিএনপি
তিনি ভোটের দিন সকালে ভোটকেন্দ্রের সামনে সবাইকে একসঙ্গে ফজরের নামাজ আদায় করে সতর্ক অবস্থান নেওয়ার আহ্বান জানান।
গাজীপুর নিয়ে আবেগঘন স্মৃতিচারণ
বক্তব্যের একপর্যায়ে নিজের শৈশবের স্মৃতিচারণ করে তারেক রহমান বলেন, “এই ভাওয়াল মাঠেই আমি ছোটবেলায় খেলেছি। এখানেই আমার শৈশব কেটেছে। তাই গাজীপুরের মানুষের কাছে আমারও একটি হক আছে।”
গাজীপুরে তারেক রহমান: খেটে খাওয়া মানুষের জন্য কাজ করেছে একমাত্র বিএনপি
এ সময় তিনি গাজীপুরের পাঁচটি আসনের ধানের শীষ মনোনীত প্রার্থীদের মঞ্চে দাঁড় করিয়ে নির্বাচনে বিজয়ী করার আহ্বান জানান।
‘এখন দেশ গড়ার পালা’ বক্তব্যের শেষাংশে তিনি বলেন, “স্বৈরাচার বিদায় হয়েছে, এখন দেশ গড়ার পালা। আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তবেই প্রত্যাশিত বাংলাদেশ গড়া সম্ভব হবে।”
জনসভায় উপস্থিত নেতাকর্মীরা “করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ” স্লোগানে রাজবাড়ি মাঠ মুখরিত করে তোলে।
জনসমুদ্রে পরিণত রাজবাড়ি মাঠ এর আগে দুপুর থেকেই গাজীপুর জেলা ও মহানগরের বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দেন। মানুষের ঢলে পুরো রাজবাড়ি মাঠ ও আশপাশের সড়ক কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন ঢাকা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইয়্যেদুল আলম বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটোসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।