ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক ও উন্নত করা জরুরি: এম এ মালিক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 28 January, 2026, 4:34 PM

যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক ও উন্নত করা জরুরি: এম এ মালিক

যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক ও উন্নত করা জরুরি: এম এ মালিক

আগামী নির্বাচিত সংসদের কাছে তারুণ্যের প্রত্যাশা এবং রাষ্ট্র সংস্কারে জেন জি’র ভাবনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় সিলেটের চন্ডীপুলে কুশিয়ারা সেন্টারে শাহ ইকবাল চিশতী ওয়েলফেয়ার ট্রাস্ট, ইউকে’র আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনে বিএনপি প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক)। তিনি বলেন, বর্তমানে সিলেট থেকে ঢাকায় যেতে দীর্ঘ সময় লাগছে, যা যোগাযোগ ব্যবস্থার দুর্বলতার প্রমাণ। এই যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও উন্নত করা জরুরি।

তিনি বলেন সিলেট অঞ্চলের রাস্তাঘাট, ব্রিজসহ অবকাঠামোগত যে উন্নয়ন আজ দৃশ্যমান, তার অধিকাংশই বিএনপি সরকারের আমলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের পরিকল্পনা ও বাস্তবায়নের ফল। একইভাবে নিখোঁজ নেতা ইলিয়াস আলী বিশ্বনাথসহ সিলেট অঞ্চলে যে উন্নয়ন করে গেছেন, তা আজও মানুষ স্মরণ করে।

এম এ মালিক বলেন, বিএনপি ক্ষমতায় এলে ইনশাআল্লাহ সিলেট-৩ আসনকে দেশের অন্যতম সেরা এলাকা হিসেবে গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, নারী শিক্ষা ও নারীদের নিরাপত্তা বিএনপির অন্যতম অগ্রাধিকার। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারীদের স্বাধীনতা ও ক্ষমতায়নে সবচেয়ে বেশি অবদান রেখেছেন। তিনি ডা. জুবাইদা রহমানের পেশাগত দক্ষতা ও আন্তর্জাতিক খ্যাতির কথা উল্লেখ করে বলেন, ভবিষ্যতে এলাকার উন্নয়ন ও জনগণের স্বার্থে তাঁর অভিজ্ঞতা কাজে লাগানো হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে এম এ মালিক বলেন, মাদক, দুর্নীতি, স্বজনপ্রীতি, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। বিশেষ করে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি। তিনি বলেন, এমন একটি সমাজ গড়তে চাই যেখানে নারীরা রাত ১২টায়ও নিরাপদে চলাফেরা করতে পারবে। সিলেট-৩ আসনের জনগণ যদি তাকে নির্বাচিত করেন, তবে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে এলাকায় কোনো অনিয়ম বা অন্যায় হতে দেবেন না বলে আশ্বাস দেন।

সভায় সভাপতিত্ব করেন শাহ ইকবাল চিশতী ওয়েলফেয়ার ট্রাস্ট, ইউকে’র সভাপতি শাহ ইকবাল চিশতী এবং অনুষ্ঠান পরিচালনা করেন মাসুম আলম। এতে আরও বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মো. সাজেদুল করিম, অধ্যাপক মো. ফরিদ উদ্দিন, সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমেদ, সিলেট জিয়া মঞ্চের আহ্বায়ক নিজাম উদ্দিন তরফদার, জুলাই যোদ্ধা জিল্লুর রহমান শোহেবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status