ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
মোগলাবাজারকে আধুনিক জনপদ গড়ার ঘোষণা এম এ মালিকের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 27 January, 2026, 4:48 PM

মোগলাবাজারকে আধুনিক জনপদ গড়ার ঘোষণা এম এ মালিকের

মোগলাবাজারকে আধুনিক জনপদ গড়ার ঘোষণা এম এ মালিকের

সিলেট - ৩ সংসদীয় আসনে বিএনপির প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক) বলেছেন, মোগলাবাজারসহ আশপাশের এলাকাগুলো দীর্ঘদিন ধরে অবহেলিত। রাস্তাঘাট, স্বাস্থ্যসেবা, ক্রীড়া অবকাঠামো ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তিনি নির্বাচিত হলে কার্যকর পদক্ষেপ নেবেন।

২৭ জানুয়ারী ২০২৬ (মঙ্গলবার) বিকালে সিলেট-৩ সংসদীয় আসনে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের অলিনগর ৫নং ওয়ার্ডে জিয়া মঞ্চ আয়োজিত উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, একসময় নিস্তাকান্দি বর্ডার পর্যন্ত জমির দাম ছিল খুবই কম, অথচ আজ কিছু এলাকায় জমির দাম বেড়েছে, কিন্তু উন্নয়ন হয়নি। জলালপুর, মোগলাবাজার, ফেঞ্চুগঞ্জ, বাগমারা, বাংলাবাজার ও গৌরিপুরসহ বিভিন্ন এলাকায় এখনো নাজুক রাস্তাঘাট দেখে মনে হয় আমরা আদিম যুগে বসবাস করছি।

স্বাস্থ্যসেবার চিত্র তুলে ধরে তিনি বলেন, আগে উপজেলা পর্যায়ে মানুষের চিকিৎসার জন্য কিছু প্রতিষ্ঠান ছিল, সেগুলো সংস্কার ও আধুনিকায়ন করা জরুরি। অন্তত ৩০–৪০ শয্যার আধুনিক স্বাস্থ্যকেন্দ্র গড়ে তুলতে হবে, যাতে সিজারিয়ানসহ জরুরি চিকিৎসার অভাবে রাস্তায় বা পথে আর কোনো মা-বোনের প্রাণ না যায়।

ক্রীড়া ও যুব উন্নয়নের বিষয়ে এম এ মালিক বলেন, আগে গ্রামের পুকুরে সাঁতার শেখার সুযোগ ছিল, এখন সেই পরিবেশ নেই। তাই স্পোর্টস সেন্টার, সুইমিং পুল, আলাদা ব্যবস্থা সহ স্টেডিয়াম নির্মাণ জরুরি। এসব না থাকায় আজকের তরুণ প্রজন্ম দিকভ্রান্ত হচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, মোগলাবাজারসহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী, চোর ও ডাকাতের দৌরাত্ম্য বেড়েছে। একদিনেই পুরো বাজার তছনছ হয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট কমিশনার ও থানা পুলিশের সঙ্গে কথা বলেছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়েছেন। তিনি পুলিশ প্রশাসনকে অযথা হয়রানি না করার আহ্বান জানান।

সভায় তিনি ভোটারদের উদ্দেশে বলেন, দানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করলে তিনি পার্লামেন্টে গিয়ে সব ধর্মের মানুষের অধিকার ও বিশ্বাস রক্ষায় কাজ করবেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপিই মানুষের একমাত্র নিরাপদ আশ্রয় উল্লেখ করে তিনি বলেন, জনগণের ম্যান্ডেট পেলে মোগলাবাজার ইউনিয়নকে বাংলাদেশের অন্যতম সেরা এলাকা হিসেবে গড়ে তুলবেন।

সভায় সভাপতিত্ব করেন মোগলাবাজার ইউনিয়ন জিয়া মঞ্চের সভাপতি আব্দুর রহিম এবং সঞ্চালনা করেন উপজেলা যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মতী। এতে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির প্রচার সম্পাদক লোকমান আহমেদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ, সিলেট জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফায়েল আহমেদ, মোগলা বাজার ইউনিয়ন বিএনপি সভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক ফয়জুল বিলাল,  জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মো. সাহেদ আহমদ, সদস্য সচিব মোস্তাক আহমেদ, দক্ষিণ সুরমা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মকসুদুল করিম নুহেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status