|
বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে চায় পাকিস্তান
নতুন সময় ডেস্ক
|
![]() বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজন করতে চায় পাকিস্তান বিকল্প ভেন্যু হিসেবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ আয়োজক শ্রীলঙ্কার নাম প্রস্তাব করেছে বিসিবি। তবে প্রয়োজনে এই ম্যাচগুলো আয়োজন করতে রাজি আছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি)। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ম্যাচ আয়োজনে আগ্রহী পাকিস্তান। সেই প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইতোমধ্যেই বিসিবি কর্তাদের বার্তা দিয়েছেন পিসিবি প্রধান মহসিন নাকভি। বাংলাদেশ বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারতে যেতে না চাইলে পাকিস্তানে আসতে পারে। বাংলাদেশ দলের জন্য মাঠ প্রস্তুত রাখা হবে। প্রয়োজনীয় সব সুযোগ সুবিধাও পাবে বাংলাদেশ দল। উল্লেখ্য, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। তবে আসর শুরুর আগেই তাকে স্কোয়াড থেকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দেয় বিসিসিআই। বোর্ডের নির্দেশ মেনে নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে বাংলাদেশি এই পেসারকে বাদ দিয়েছে ফ্যাঞ্চাইজিটি। নিরাপত্তা শঙ্কায় মুস্তাফিজকে বাদ দেওয়ার পর দেশটিতে বিশ্বকাপ খেলতে যেতে চায় না বিসিবি। এমনকি বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানানো হয় এবং দল না পাঠানোর পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে বাংলাদেশে আইপিএলের সবধরনের সম্প্রচার অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
