ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীদের আন্দোলনে সারা দেশে গ্রাহক ভোগান্তি চরমে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 5 January, 2026, 12:56 PM

মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীদের আন্দোলনে সারা দেশে গ্রাহক ভোগান্তি চরমে

মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীদের আন্দোলনে সারা দেশে গ্রাহক ভোগান্তি চরমে

NEIR (ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার) বাস্তবায়নকে কেন্দ্র করে মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীদের চলমান আন্দোলনে সারা দেশে সাধারণ গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েছেন। একদিকে ব্যবসায়ীদের আন্দোলন, অন্যদিকে কমিশন ও সরকারের পক্ষ থেকে বারবার ভিন্ন ভিন্ন সিদ্ধান্তের কারণে গ্রাহকরা পড়েছেন চরম অনিশ্চয়তায়।

উদ্ভূত পরিস্থিতিতে গ্রাহক ভোগান্তি নিরসন ও দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছে গ্রাহক অধিকার নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ একটি ‘উইন-উইন সিচুয়েশন’-এর মাধ্যমে সমস্যার সমাধান কামনা করেছেন।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীদের চলমান আন্দোলনের কারণে সারা দেশের সাধারণ গ্রাহকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নতুন হ্যান্ডসেট কেনা, ওয়ারেন্টি সেবা গ্রহণ, মোবাইল রিপেয়ারিং এবং যন্ত্রাংশ সংগ্রহ—সব ক্ষেত্রেই বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।

তিনি আরও বলেন, এই সংকটের ফলে জরুরি যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা কার্যক্রম, ব্যবসা-বাণিজ্য, স্বাস্থ্যসেবা এবং ডিজিটাল আর্থিক লেনদেন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পাশাপাশি গ্রে মার্কেট সক্রিয় হয়ে উঠায় প্রতারণা ও অতিরিক্ত দামে হ্যান্ডসেট বিক্রির ঝুঁকিও বেড়েছে।

বিবৃতিতে বলা হয়, কোনো নীতিগত অসন্তোষের কারণে সাধারণ গ্রাহকদের ভুক্তভোগী করা গ্রহণযোগ্য নয়। গ্রাহক সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

এ অবস্থায় সংগঠনটির পক্ষ থেকে সরকারের কাছে ছয় দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—

NEIR বাস্তবায়ন আপাতত স্থগিত রেখে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে জনসচেতনতা তৈরির পর এটি কার্যকর করা; গ্রাহকদের জন্য হ্যান্ডসেটের গ্যারান্টি ন্যূনতম দুই বছর এবং ওয়ারেন্টি পাঁচ বছর নিশ্চিত করা; উৎপাদিত ও বৈধভাবে আমদানিকৃত হ্যান্ডসেটের মূল্য নির্ধারণ করা; প্রতিটি হ্যান্ডসেটের মান নির্ধারণ করে গায়ে মান নির্ধারিত স্টিকার সংযুক্ত করা; হ্যান্ডসেট নিবন্ধনের জন্য বিটিআরসির সারাদেশব্যাপী পর্যাপ্ত কাস্টমার কেয়ার সেন্টার স্থাপন; আন্দোলনকালীন সময়ে ন্যূনতম গ্রাহকসেবা চালু রাখা ও ওয়ারেন্টির গ্রেস পিরিয়ড ঘোষণা এবং অতিরিক্ত দাম ও প্রতারণা রোধে কঠোর নজরদারি জোরদার করা।

একই সঙ্গে সংগঠনটি সংশ্লিষ্ট সব পক্ষকে আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানে পৌঁছানোর আহ্বান জানায়। বিবৃতিতে বলা হয়, সরকারকে নিশ্চিত করতে হবে যেন সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত না হন এবং একই সঙ্গে ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে বিবেচনা করে দেশের কোনো মানুষ এই অধিকার থেকে বঞ্চিত না হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status