'সন্ত্রাসী' সাজ্জাদ-তামান্নাকে আরও ২ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
প্রকাশ: Monday, 15 December, 2025, 1:30 PM
'সন্ত্রাসী' সাজ্জাদ-তামান্নাকে আরও ২ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদ ও তাঁর স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) আবেদন করেছে পুলিশ।
গতকাল রবিবার (১৪ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চান্দগাঁও থানা-পুলিশ এ আবেদন করে।
চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জুলাই অভ্যুত্থানের সময় চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকায় ছাত্রলীগ (বর্তমানে নিষিদ্ধ) ও যুবলীগের নেতা-কর্মীদের হামলায় ফজলে রাব্বী নিহত হওয়ার ঘটনায় করা একটি মামলা এবং নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর বাড়ির সামনে সংঘর্ষের ঘটনায় দায়ের করা আরও দুটি মামলায় সাজ্জাদ হোসেন ও তাঁর স্ত্রীকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে পুলিশ।
তিনি আরও জানান, আদালতে আবেদনের শুনানির তারিখ এখনও নির্ধারণ করা হয়নি। মামলাগুলোর তদন্ত চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আদালতের সূত্রে জানা যায়, রবিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সন্ত্রাসী সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদ এবং তার স্ত্রী শারমিন আক্তার তামান্নার বিরুদ্ধে দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। আদালত আবেদন গ্রহণ করে শুনানির জন্য দিন ধার্য করবেন। মামলায় গ্রেপ্তার দেখানোর ক্ষেত্রে আসামির উপস্থিতিতে শুনানি গ্রহণের বিধান রয়েছে। আসামিরা বর্তমানে বিভিন্ন কারাগারে আটক থাকায়, অনলাইন মাধ্যমে শুনানি গ্রহণের সুযোগ রয়েছে।
উল্লেখ্য, গত ১৫ মার্চ ঢাকা থেকে ‘ছোট সাজ্জাদকে’ গ্রেপ্তার করে পুলিশ।