|
পিরোজপুরের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের স্বপ্ন জাগাচ্ছে বলেশ্বর
জালিস মাহমুদ, পিরোজপুর
|
![]() পিরোজপুরের পিছিয়ে পড়া শিক্ষার্থীদের স্বপ্ন জাগাচ্ছে বলেশ্বর সংগঠনের উদ্যোক্তারা জেলার বিভিন্ন উপজেলার কলেজগুলোতে গিয়ে সরাসরি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য আগ্রহী করে তুলছেন। এরই ধারাবাহিকতায় পিরোজপুর সদর, নাজিরপুর, ইন্দুরকানী ল, ভান্ডারিয়া, মঠবড়িয়া এবং কাউখালি উপজেলার ১০টি কলেজে এই সংগঠনটি সফলভাবে সেমিনার আয়োজন করে শিক্ষার্থীদের নতুনকরে উচ্চশিক্ষার স্বপ্ন দেখাচ্ছে। এই সেমিনারের আয়োজকরা জানান, সাক্ষরতার হারে পিরোজপুর বেশ এগিয়ে থাকলেও উচ্চশিক্ষা গ্রহণে শিক্ষার্থীরা ততটা আগ্রহী হচ্ছে না। এই পিছিয়ে থাকাকেই চ্যালেঞ্জ হিসেবে নিয়ে স্টুডেন্ট অ্যালায়েন্স অফ পিরোজপুর এই ব্যতিক্রমী ক্যাম্পেইন শুরু করেছে। ব্যতিক্রমী এই আয়োজনে নেতৃত্ব দিচ্ছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া পিরোজপুর জেলার কৃতী শিক্ষার্থীরা। এই বিশেষ আয়োজন প্রসঙ্গে কলেজের শিক্ষক ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ সংগঠনটির ভূয়সী প্রশংসা করেছেন। তাঁরা মন্তব্য করেছেন যে, এ ধরনের অনুপ্রেরণামূলক আয়োজন নিয়মিত হওয়া উচিত, যা শিক্ষার্থীদের ভবিষ্যতের পথ প্রশস্ত করবে। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. ওমর ফারুক বলেন, আমাদের জেলা শিক্ষায় এগিয়ে থাকলেও উচ্চশিক্ষার সুযোগগুলো সম্পর্কে অনেকে জানে না। 'বলেশ্বর' সেই সুযোগগুলো শিক্ষার্থীদের সামনে তুলে ধরে তাদের স্বপ্ন দেখতে শেখাচ্ছে। আমরা বিশ্বাস করি, এই সেমিনারগুলো পিরোজপুরের শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং উচ্চশিক্ষার হার বৃদ্ধিতে সহায়তা করবে। সংগঠনটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সিয়াম ফেরদৌস ইমন বলেন, উচ্চশিক্ষায় আমাদের পিছিয়ে থাকার চ্যালেঞ্জ মোকাবিলায় 'বলেশ্বর' বদ্ধপরিকর। আমরা এখন পর্যন্ত ১০টি কলেজে সফলভাবে সেমিনার করেছি এবং আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। জেলার তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার মাধ্যমে আমরা পিরোজপুরের সামগ্রিক শিক্ষাব্যবস্থাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চাই। বলেশ্বরের এই প্রচেষ্টা পিরোজপুরের তরুণ প্রজন্মকে উচ্চশিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করার পাশাপাশি জেলার সামগ্রিক শিক্ষাব্যবস্থাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
