বাউফলে জুলাই স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
মোঃ আল আমিন আকন, বাউফল
প্রকাশ: Saturday, 29 November, 2025, 2:24 PM
বাউফলে জুলাই স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
পটুয়াখালীর বাউফলে ব্যতিক্রম আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার বিকেলে বাউফল পাবলিক গ্রাউন্ডে বাউফল উন্নয়ন ফোরামের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম।
টুর্নামেন্টের উদ্বোধন করেন জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় তারেক মাসুদ পাইলট ও কায়সার হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রশিবিরের সভাপতি ও ডাকসুর সাধারণ সম্পাদক এস. এম. ফয়সাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত পটুয়াখালী-০২ আসনের সম্ভাব্য প্রার্থী ও ঢাকা দক্ষিণের সাধারণ সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন তিনি।
ফাইনাল খেলায় বাউফল উপজেলা একাদশ টাই ব্রেকারে ১-০ গোলে বাউফল পৌরসভা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রফি ও ৫০ হাজার টাকা পুরস্কার অর্জন করে। রানার্সআপ পৌরসভা একাদশ ৩০ হাজার টাকার পুরস্কার লাভ করে।
খেলা শেষে মাঠজুড়ে সমর্থকদের উচ্ছ্বাস ও বিজয়ীদের আনন্দ উৎসবে মুখরিত হয়ে ওঠে বাউফল পাবলিক গ্রাউন্ড।