|
বহু প্রতিক্ষিত নির্বাচন বানচালের ষড়যন্ত্রকে ঐক্য বদ্ধ ভাবে মোকাবিলা করতে হবে: খন্দকার মোশাররফ
নতুন সময় প্রতিবেদক
|
![]() বহু প্রতিক্ষিত নির্বাচন বানচালের ষড়যন্ত্রকে ঐক্য বদ্ধ ভাবে মোকাবিলা করতে হবে: খন্দকার মোশাররফ রবিবার বিকেলে দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক ঐতিহাসিক প্রাক-নির্বাচনী গণমিছিল পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নিজেদের হাতে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করলে সেটাই হবে আসল জনগণের সরকার। কিন্তু নির্বাচন ঘোষণার পর নানা মহল থেকে পিআর পদ্ধতির কথা বলে নির্বাচন বিলম্বিত ও বানচালের ষড়যন্ত্র চলছে।” তিনি অভিযোগ করে বলেন, পিআর পদ্ধতির মাধ্যমে জনগণ তাদের পছন্দের নেতা বেছে নেওয়ার সুযোগ পাবে না। দল নির্ধারণ করবে কে হবে নেতা। গত ষোল বছর ধরে যে নির্বাচনের জন্য জনমনে অপেক্ষা— সেই নির্বাচনে বিভ্রান্তি সৃষ্টি করতে কিছু গোষ্ঠী ‘আবল-তাবল’ প্রলোভন ও বিভ্রান্তিমূলক বক্তব্য ছড়াচ্ছে বলেও দাবি করেন তিনি। ড. মোশাররফ জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এসব কথায় কান না দিয়ে আগের দিনের মতো ধানের শীষের পক্ষে আপনার মূল্যবান ভোট দিন। আমি আপনাদের সম্মানিত করব এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করব।” মনোনয়ন পাওয়ার পর এটি ছিল তাঁর প্রথম নির্বাচনী গণসংযোগে সরাসরি উপস্থিতি। শহীদ রিফাত পার্ক থেকে শুরু হয়ে গণমিছিলটি দাউদকান্দি বিশ্বরোডসংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে গিয়ে শেষ হয়। গণমিছিল পূর্ববর্তী সমাবেশে সভাপতিত্ব করেন দাউদকান্দি পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার। অনুষ্ঠানের প্রধান বক্তা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন গণমিছিল সফলভাবে সম্পন্ন করতে জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, “আজকের গণমিছিল প্রমাণ করেছে— আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ড. মোশাররফ রেকর্ড সংখ্যক ভোটে বিজয়ী হবেন, ইনশাআল্লাহ।” দুপুর ১টা থেকেই উপজেলার প্রতিটি ইউনিট থেকে নেতাকর্মীরা ব্যান্ডপার্টির তালে তালে মিছিলে যোগ দিতে সমাবেশস্থলে আসতে থাকেন। পরে ড. মোশাররফের নেতৃত্বে বিশাল এই মিছিল জনসমুদ্রে পরিণত হয়। উপজেলা ও পৌর বিএনপির নেতারা জানান, গণমিছিল সফল করতে তারা কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন ইউনিট কমিটির সঙ্গে প্রস্তুতি সভা ও প্রচার কার্যক্রম চালিয়ে আসছেন। দলীয় নেতারা আরও বলেন, আজকের গণমিছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বের প্রতি দৃঢ় আস্থা ও বিশ্বাসের বহিঃপ্রকাশ, পাশাপাশি ড. মোশাররফ হোসেনের প্রতি দাউদকান্দির মানুষের গভীর শ্রদ্ধা ও ভালোবাসারই প্রমাণ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
